Bengal Liberty:
বিধানসভায় আগেই এই প্রস্তাব রেখেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সরকারি ভাবে বাংলা ভাষার ব্যবহার আরও জোরদার করতে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের। রাজ্য সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলকভাবে করতে হবে। মুখ্যমন্ত্রীর ২০ জুলাই ২০২৬-এর ঘোষণার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে (Bangla in Administration)।

সচিবালয়ে বাংলা ভাষায় জোর (Bangla in Administration)
নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে সরকারি যোগাযোগ ও জনপরিষেবা প্রদানের ক্ষেত্রে বাংলা ভাষাকে অগ্রাধিকার দিতে হবে। সরকারি দফতর, অধিদফতর, সংস্থা, কার্যালয় এবং ক্ষেত্রীয় স্তরের অফিসে যোগাযোগ, আবেদন গ্রহণ, উত্তর প্রদান, বিজ্ঞপ্তি, নোটিশ, নির্দেশ এবং জনপরিষেবা সংক্রান্ত তথ্য যথাসম্ভব বাংলায় পরিচালনা করতে হবে।
আরও খবর
শুধু সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগই নয়, সরকারি প্রশাসনের অভ্যন্তরীণ কাজেও বাংলা ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। সরকারি নথি, বিভাগীয় চিঠিপত্র, আদেশনামা, চিঠিপত্র, বিজ্ঞপ্তি ও প্রতিবেদনসহ প্রশাসনিক কাজ ধাপে ধাপে বাংলায় করার প্রস্তুতি নিতে বলা হয়েছে।
গড়ে তোলা হবে বাংলা-ভিত্তিক প্রশাসনিক পরিকাঠামো (Bangla in Administration)
নির্দেশিকায় বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যবহারের জন্য কম্পিউটার ব্যবস্থা, দফতরের নথি সংরক্ষণ, সরকারি নেটওয়ার্ক ও অনলাইন-ভিত্তিক পরিষেবায় বাংলা ব্যবহারের পরিকাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে। পাশাপাশি বাংলা ভাষায় দক্ষ কর্মী, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় পরিভাষার উন্নয়নের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
এই কাজের সামগ্রিক বাস্তবায়ন ও বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ের জন্য মুখ্যসচিবের সভাপতিত্বে একটি রাজ্যস্তরীয় পরিচালন সমিতি গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি বিভাগ এবং জেলায় পৃথক বাস্তবায়ন কমিটিও গঠন করা হবে বলেও উল্লেখ রয়েছে নির্দেশিকায়।

বাংলা পরিভাষা তৈরিতে বিশেষ উদ্যোগ(Bangla in Administration)
সরকারি নথির গুণমানসম্মত অনুবাদ এবং প্রশাসনিক ক্ষেত্রে অভিন্ন বাংলা পরিভাষা ব্যবহারের জন্য পশ্চিমবঙ্গ সরকারি ভাষা সমিতি গঠনের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই সমিতি সরকারি পরিভাষা, শব্দকোষ এবং সহায়ক নির্দেশিকা তৈরিতে কাজ করবে। এ ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির প্রয়োজনীয় সহায়তা নেওয়া হবে।
এছাড়া প্রতিটি দফতরকে নির্দেশ জারির তিন মাসের মধ্যে বাংলা ভাষা ব্যবহারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভাগভিত্তিক সমীক্ষা করার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যমান কম্পিউটার ও নথি ব্যবস্থাপনা, সরকারি নেটওয়ার্ক ও অনলাইন পরিষেবা, বাংলা ব্যবহারের উপযোগী করণ প্রক্রিয়া, অনুবাদ ও সংশোধনের প্রয়োজনীয়তা এবং বাংলা ভাষায় দক্ষ কর্মী ও আধিকারিকের সংখ্যা নির্ণয়।
সরকারি কর্মীদের প্রশিক্ষণেও বাংলা (Bangla in Administration)
বাংলা ভাষায় প্রশাসনিক কাজের দক্ষতা বাড়াতে সরকারি আধিকারিক ও কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নথি প্রণয়ন, নথি ও বিভাগীয় চিঠিপত্রের আদানপ্রদান, সরকারি পরিভাষার ব্যবহার এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ, এই ক্ষেত্রগুলিতে প্রশিক্ষণের উপর জোর দেওয়া হয়েছে।
নির্দেশিকায় প্রশাসনের মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে—“জনসাধারণের ভাষায়, জনসাধারণের জন্য প্রশাসন” নিশ্চিত করা। ১ সেপ্টেম্বর থেকে সাধারণ মানুষের সঙ্গে সরকারি যোগাযোগ, জনপরিষেবা, আবেদন গ্রহণ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি-সহ সংশ্লিষ্ট সমস্ত জনমুখী কাজ বাংলায় পরিচালনার উপর জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ পাকিস্তানকে উড়িয়ে সেমিফাইনালে ভারত, ম্যাচের পরেও হল না হাত মেলানো!


