chandra nath sinha
Bengal Liberty: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। আজ কলকাতায় ইডির বিশেষ আদালতে হাজিরা দেন তিনি। ইডি তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালেও আদালত আপাতত ব্যক্তিগত বন্ডে তাঁকে মুক্তি দিয়েছে। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে তাঁর। তবে কিছু শর্ত মানতে হবে বলে আদালতের নির্দেশ রয়েছে। শর্তগুলো যথাক্রমে, আপাতত কলকাতা এবং নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে কোথাও যেতে পারবেন না চন্দ্রনাথ। পাশাপাশি, তদন্তে সহযোগিতা করতেই হবে। যতদিন মামলার শুনানি চলবে, তত দিন এই নিয়ম কার্যকর থাকবে।

চার্জশিট জমা দিয়েছিল ইডি
এর আগে চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে প্রাথমিক মামলায় চার্জশিট জমা দিয়েছিল ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের পর এই প্রথম আবার কোনও মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল। প্রসঙ্গত, গত বছর মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় সংস্থা। পরবর্তী সময়ে তিনি দু’বার ইডির ডাকে হাজিরা এড়িয়েছেন।
শনিবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান চন্দ্রনাথ। আদালত বন্ডে জামিন দিলেও ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানিয়েছেন, ‘‘আমরা ৭ দিনের হেফাজত চেয়েছিলাম। আগামী ১৬ সেপ্টেম্বর তার শুনানি হবে। এরমধ্যে মন্ত্রী কলকাতা এবং নিজের বিধানসভা কেন্দ্র ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না।’’এদিকে, আদালত চত্বরে মন্ত্রী বলেন, ‘‘বিচার ব্যবস্থার ওপর আমার আস্থা আছে।’’
