Bengal Liberty : দলবদলের জল্পনায় নতুন করে চর্চায় মালদহের রাজনীতির পরিচিত মুখ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কংগ্রেস থেকে তৃণমূল, দীর্ঘ রাজনৈতিক পথচলায় একাধিকবার দল পরিবর্তন করেছেন তিনি। সম্প্রতি ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন। জানিয়েছিলেন, আর তৃণমূলের হয়ে নির্বাচনে লড়বেন না। এমনকি রাজনীতি থেকে সরে দাঁড়ানোরও ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু শুক্রবার বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর জন্মদিনে কৃষ্ণেন্দুর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তাহলে কি এবার পদ্ম শিবিরের দিকে ঝুঁকছেন তিনি?
আডবাণীর জন্মদিনে পুরনো স্মৃতি ভাগ করে নিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তাঁর দাবি, ১৯৯৫ সালে লালকৃষ্ণ আডবাণী যখন মালদহে এসেছিলেন, তখন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। সেই সময় সার্কিট হাউসে গিয়ে আডবাণীকে সংবর্ধনা জানানোর সুযোগ হয়েছিল তাঁর। সেই স্মৃতিই নতুন করে তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। আর এই পোস্ট সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
যদিও বিষয়টি নিয়ে কৃষ্ণেন্দু নিজেই জানিয়েছেন, আডবাণীর জন্মদিনে শুভেচ্ছা জানানো নিছকই সৌজন্য ও সংস্কৃতির অংশ। তাঁর কথায়, ভারতীয় রাজনীতিতে প্রায় একশো বছর বয়সেও সক্রিয় থাকা এমন প্রবীণ নেতা খুব বেশি নেই। আডবাণী তাঁদের মধ্যে অন্যতম। তাই পুরনো পরিচয় ও স্মৃতির জায়গা থেকেই এই পোস্ট করেছেন তিনি।
আরও খবর
তবে বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে কৃষ্ণেন্দুর উত্তরও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। তাঁর কথায়, বিজেপির বহু পুরনো নেতার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে রাস্তাঘাটে দেখা হলে কথাবার্তাও হয়। তবে এখনও পর্যন্ত বিজেপিতে যোগ দেওয়ার কোনও প্রস্তাব আসেনি। তাঁর তরফেও কোনও প্রস্তাব পাঠানো হয়নি। ভবিষ্যতে এমন কোনও আহ্বান এলে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন তিনি। আগামী পুরসভা নির্বাচনে কোন দলের হয়ে লড়বেন, তা নিয়েও পরিস্থিতির উপর নির্ভর করার কথা জানিয়েছেন কৃষ্ণেন্দু।
উল্লেখ্য, চেয়ারম্যান পদ ছাড়ার সময়ই ‘বড় ছাতার তলায়’ থাকার ইঙ্গিত দিয়েছিলেন কৃষ্ণেন্দু। এরপর কখনও কংগ্রেসে প্রত্যাবর্তন, কখনও আবার বিজেপির দিকে ঝোঁকার জল্পনা তৈরি হয়েছে। এবার আডবাণীর জন্মদিনে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট সেই জল্পনাতেই নতুন মাত্রা যোগ করল। কংগ্রেস-তৃণমূলের রাজনৈতিক অধ্যায় পেরিয়ে সত্যিই কি এবার বিজেপির পদ্ম শিবিরে নাম লেখাবেন কৃষ্ণেন্দু? আপাতত সেই প্রশ্নের উত্তর লুকিয়ে ভবিষ্যতের সিদ্ধান্তেই।


