Bengal Liberty : ‘ফিরিয়ে দিতে পারব না, কিন্তু পরের দায়িত্বটা তো পালন করতে হবে।’ চোরবাগান-কাণ্ডে মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বজনহারা পরিবারগুলির পাশে থাকার পাশাপাশি তাঁদের দায়িত্ব নেওয়ার কথাও জানান তিনি। মঙ্গলবার পূর্ব বর্ধমানের মাধবডিহিতে চোরবাগান বিপর্যয়ে মৃত সন্দীপ বেজ ও টগর বেজের পরিবারের সঙ্গে দেখা করে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এই মর্মান্তিক ঘটনার তদন্তে বিচারবিভাগীয় কমিটি গঠনের উদ্যোগের কথাও জানান তিনি।
‘ফিরিয়ে দিতে পারব না, কিন্তু পরের দায়িত্বটা তো পালন করতে হবে’
মাধবডিহিতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, হারানো প্রিয়জনকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু বিপর্যয়ের পর পরিবারগুলির পাশে দাঁড়ানো প্রশাসনের কর্তব্য। শুভেন্দু বলেন, “প্রশাসনিক প্রধানের কর্তব্য পালন করেছি। আমি ওঁদের ফিরিয়ে দিতে পারব না, কিন্তু পরের দায়িত্বটা তো পালন করতে হবে?”
চোরবাগান-কাণ্ডে স্বজনহারা পরিবারগুলির যন্ত্রণা যে সহজে মুছে যাওয়ার নয়, তা-ও স্বীকার করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, পুজোর আনন্দের মধ্যেও এই পরিবারগুলির চোখে জল। রাজ্য সরকার তাঁদের নিজের আত্মীয় বলেই মনে করে। তাই এই কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়ানোই এখন অগ্রাধিকার। উৎসবের আবহেও এই বিপর্যয়ের প্রভাব যে স্বাভাবিকভাবেই আনন্দের পরিবেশে পড়েছে, সে কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “যে কোনও ঘটনা থেকেই শিক্ষা নিয়ে এগোতে হয়।”
আরও খবর
চোরবাগান-কাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের উদ্যোগ
চোরবাগানের মতো ভয়াবহ বিপর্যয় কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন। এ বিষয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের মুখ্যসচিব গতকাল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে তদন্ত কমিটির কথা জানিয়েছেন। আমাদের তরফে অনুরোধ করা হয়েছে, যাতে দ্রুত প্রক্রিয়া শুরু করা যায়।” তদন্তের নিরপেক্ষতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, প্রস্তাবিত তদন্ত কমিটিতে কলকাতা পুলিশ এবং পুরসভাকে রাখা হয়নি। তবে তদন্ত শুরু হওয়ার আগে ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনও বিষয় নিয়ে মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, তদন্তের আওতায় থাকা বিষয় নিয়ে প্রশাসনিক প্রধান হিসেবে আগাম মন্তব্য করা সমীচীন নয়।


