Abhishek Banerjee Statement
Bengal Liberty , kolkata :
ভোটের আগে তৃণমূলের বড় চাল! প্রার্থী তালিকায় একঝাঁক নতুন মুখের সম্ভাবনা, কয়েকঘণ্টা মধ্যেই সামনে আসতে চলেছে তৃণমূলের প্রার্থী তালিকা
ভোটের দিনক্ষণ ঘোষণার কাউন্টডাউন শুরু (TMC candidate list 2026)। প্রার্থী তালিকা ঘিরে রীতিমত চর্চায় রয়েছে শাসকদল। আজ রবিবার অথবা আগামীকাল সোমবারই আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। শোনা যাচ্ছে, এবার প্রার্থী তালিকায় বড় চমক দিতে চলেছে তৃণমূল! পুরনোদের পাশাপাশি এক ঝাঁক তরুণ ও নতুন মুখকে সামনে এনে নির্বাচনী লড়াইয়ে নামাতে পারে দল। সূত্রের খবর, ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচনী ময়দানে শক্ত বার্তা দিতে পারে তৃণমূল। দলীয় সূত্রে খবর, যে কোনও মুহূর্তেই সামনে আসতে পারে ২৯৪টি বিধানসভা কেন্দ্রের পূর্ণ প্রার্থী তালিকা।

নতুন মুখে চমক
রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, এবার প্রার্থী তালিকায় বিশেষ গুরুত্ব পেতে পারেন একাধিক তরুণ নেতা। সম্ভাব্য নামের তালিকায় শুরুতেই আলোচনায় রয়েছেন ত্রিণাঙ্কুর ভট্টাচার্য। একইসঙ্গে জয়া দত্তের নামও শোনা যাচ্ছে সম্ভাব্য প্রার্থী হিসেবে। শুধু তরুণ নেতৃত্বই নয়, অভিজ্ঞ রাজনৈতিক মুখও থাকতে পারে তালিকায়। প্রাক্তন সাংসদ ঋতব্রত ব্যানার্জে বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে জল্পনা রয়েছে। পাশাপাশি আরেক সাংসদ সামিরুল ইসলামের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘুরছে রাজনৈতিক মহলে।
দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আরও কয়েকজন মুখপাত্রের নাম ঘিরেও জোর আলোচনা চলছে। সেখানে রয়েছেন কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তী এবং তন্ময় ঘোষ। অন্যদিকে সদ্য বাম শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রতীকূর রহমানকেও প্রার্থী করা হতে পারে বলে শোনা যাচ্ছে।

তারকাখচিত তালিকার জল্পনা
প্রার্থী তালিকায় শুধু রাজনীতিক নয়, বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখও থাকতে পারেন, এমনই জল্পনা ঘুরছে দলীয় অন্দরে। নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাথলিট স্বপ্না বর্মন। পাশাপাশি নেটপাড়ায় জনপ্রিয় মুখ দেবাংশু ভট্টাচার্যের নামও সম্ভাব্য তালিকায় উঠে আসছে। এছাড়াও সন্দীপন সাহা, রামমোহন রায় এবং দেবরাজ চক্রবর্তীদের নাম নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তারকাখচিত তালিকায় আলাদা করে নজর কাড়তে পারেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। অন্যদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের নামও।
তরুণ নেতৃত্ব, জনপ্রিয় মুখ এবং সংগঠনের পরিচিত নেতাদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ তালিকা তৈরি করে ভোটের ময়দানে নামতে চাইছে তৃণমূল। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন চোখ রয়েছে নির্বাচন সূচি ঘোষণার দিকে, তারপরই পরিষ্কার হবে ঘাসফুল শিবিরের আসল কৌশল। এখন শুধুই সময়ের অপেক্ষা।
