Malda Mothabari violence
Bengal Liberty , Kolkata :
ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে মালদহের মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলার ঘটনা নতুন মোড় নিলো Malda Mothabari violence। ঘটনার তদন্তভার নিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। শুক্রবারই কেন্দ্রীয় সংস্থার একটি বিশেষ দল মালদহে পৌঁছবে। আগামী ৬ এপ্রিলের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে।

কী ঘটেছিল মোথাবাড়িতে?
গত বুধবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে মোথাবাড়ি ও সুজাপুর এলাকা। বিক্ষোভের নামে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ে। মোথাবাড়ি বিডিও অফিস ঘিরে বিক্ষোভকারীরা গেট আটকে দেয়। অফিসের ভেতরে আটকে পড়েন ৮ জন জুডিশিয়াল অফিসার। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় এবং রাস্তা অবরোধ করে আটকে দেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।
সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ
ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, “পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।” এই ঘটনার জেরে রাজ্যের ডিজি, মালদহের জেলাশাসক এবং পুলিশ সুপারকে শোকজ করা হয়েছে। আগামী ৬ এপ্রিল ভার্চুয়াল শুনানিতে তাঁদের হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তের কেন্দ্রে এনআইএ
ঘটনার গুরুত্ব বিবেচনা করে জাতীয় নির্বাচন কমিশন তদন্তভার দেয় NIA কে। তবে মূলত খতিয়ে দেখা হবে হামলার নেপথ্যে কোনও পরিকল্পিত চক্রান্ত ছিল কি না বা আগে থেকে নিরাপত্তা নিয়ে সতর্ক করা সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি? প্রশাসনিক গাফিলতি বা যোগসূত্র ছিল কি না।
গ্রেফতার ও বর্তমান পরিস্থিতি
সূত্রের খবর , সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি। আদালত তাঁদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়েছিল ১২ নম্বর জাতীয় সড়ক। যদিও বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে, তবুও মোথাবাড়ি এলাকায় এখনও উত্তেজনা বজায় রয়েছে।
ঘটনায় জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। বিচারপতি জয়মাল্য বাগচী স্পষ্ট জানিয়েছেন, নির্বাচনী প্রক্রিয়ায় নিযুক্ত আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এই প্রেক্ষিতে কমিশনের ভূমিকা নিয়েও রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
