Bengal Liberty : ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া দ্রুত শেষ করতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল নির্বাচন কমিশন। বিচার বিভাগীয় আধিকারিকরা কোনও ভোটারের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকলে, সেই নির্দেশে ই-সই না থাকলেও ভোটার তালিকায় প্রয়োজনীয় পরিবর্তন করা যাবে। শুধু ই-সই বাকি থাকার কারণে কোনও ভোটারের নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় ফেলে রাখা যাবে না। শুক্রবার এই নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি, বিচারকদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ভোটারদের ক্ষেত্রে ট্রাইবুনালের রায়ের অপেক্ষা করতে হবে। অন্যদিকে, রাজ্যে বুথ পুনর্বিন্যাসের জন্যও অনুমতি দিয়েছে কমিশন। বুথের ঠিকানা বদল হলে রাজনৈতিক দলগুলিকে জানানো এবং ভোটারদের মধ্যে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে।
ই-সই না থাকলেও কার্যকর হবে বিচারকের লিখিত সিদ্ধান্ত
খসড়া ভোটার তালিকায় বহু ভোটারের নামের পাশে ‘বিবেচনাধীন’ লেখা রয়েছে। কিছু ক্ষেত্রে বিচার বিভাগীয় আধিকারিকরা সিদ্ধান্ত নিয়ে ফেললেও ই-সই না হওয়ার কারণে সেই নামগুলি এখনও বিচারাধীন হিসেবে রয়েছে। কমিশন জানিয়েছে, এমন ক্ষেত্রে বিচারকের লিখিত সিদ্ধান্তকেই চূড়ান্ত নির্দেশ হিসেবে ধরে ইআরওদের কাছে পাঠাতে হবে। সেই অনুযায়ী ভোটার তালিকায় প্রয়োজনীয় সংশোধন করবেন ইআরওরা। অন্যদিকে, যে সব ক্ষেত্রে বিচার বিভাগীয় আধিকারিকরা এখনও কোনও সিদ্ধান্ত নেননি, সেগুলিও ইআরওদের কাছে পাঠাতে হবে। তাঁরা আইন মেনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। তবে বিচারকেরা যাঁদের নাম বাদ দিয়েছেন এবং সেই সিদ্ধান্তের বিরুদ্ধে যাঁরা আপিল করেছেন, তাঁদের ক্ষেত্রে আলাদা নিয়ম থাকছে। ট্রাইবুনালের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাঁদের কাছ থেকে নতুন করে ফর্ম-৬ নেওয়া যাবে না। ট্রাইবুনাল যদি নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখে, তা কার্যকর করতে হবে।
রাজ্যে বুথ পুনর্বিন্যাসে অনুমতি কমিশনের
অন্যদিকে, রাজ্যে বুথ পুনর্বিন্যাসের জন্য নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। শুক্রবার সেই অনুমতি দিয়েছে কমিশন। নির্দেশ অনুযায়ী, যে সব এলাকায় বুথের স্থান পরিবর্তন করা হবে, সেখানকার রাজনৈতিক দলগুলিকে আগাম জানাতে হবে। শুধু রাজনৈতিক দলগুলিকে জানালেই হবে না। নতুন বুথের ঠিকানা সম্পর্কেও সংশ্লিষ্ট এলাকার ভোটারদের মধ্যে প্রচার করতে হবে। যাতে বুথের স্থান পরিবর্তনের কারণে ভোটারদের কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে হবে।


