RG Kar Scam Case
RG Kar Scam Case

আরজি করের নির্যাতিতার দেহ দ্রুত দাহের মামলা, নির্মল-সঞ্জীবের জামিন বাতিলের আবেদন খারিজ

Bengal Liberty : আরজি কর হাসপাতালে যুবতী চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর তাঁর দেহ দ্রুত দাহ করার অভিযোগ সংক্রান্ত মামলায় খড়দার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের জামিন বাতিলের আবেদন খারিজ করে দিল শিয়ালদহ আদালত। নির্যাতিতার পরিবারের তরফে তাঁদের জামিন বাতিলের আবেদন জানানো হয়েছিল। শুক্রবার এই মামলার শুনানিতে শিয়ালদহ আদালতে সশরীরে হাজির ছিলেন খড়দার প্রাক্তন ও বর্তমান বিধায়ক। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হয় সোমনাথ দে-কে। এদিন আদালতে নির্যাতিতার পরিবারের আইনজীবীরা অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পক্ষে সওয়াল করেন।

নির্যাতিতার পরিবারের আইনজীবী অমর্ত্য দে এবং রাজদীপ হালদার আদালতে জানান, তৎকালীন বিধায়ক নির্মল, সঞ্জীব এবং সোমনাথ দে-র বিরুদ্ধে খড়দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। বর্তমানে নির্মল এবং সঞ্জীব জামিনে রয়েছেন। পরিবারের আইনজীবীদের অভিযোগ, নির্যাতিতার পরিবার দ্বিতীয় বার ময়নাতদন্ত করাতে চেয়েছিল। কিন্তু সেই সুযোগ পাওয়ার আগেই তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হয়। দেহ দ্রুত দাহ করার ক্ষেত্রে অভিযুক্তদের প্রত্যেকের ভূমিকা ছিল বলেও আদালতে দাবি করেন তাঁরা।

পরিবারের আইনজীবীদের আরও অভিযোগ, অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পনামাফিক নির্যাতিতার দেহ দাহ করার ব্যবস্থা করা হয়েছিল। এটি কোনও সাধারণ মামলা নয়। একটি সরকারি হাসপাতালের ভিতরে কী ভাবে একজন কর্তব্যরত মহিলা চিকিৎসককে নির্যাতন করে খুন করা হয়েছিল, এই ঘটনা তারই উদাহরণ। অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা না হলে প্রকৃত সত্য প্রকাশ্যে আসবে না বলেও দাবি করেন তাঁরা।

আদালতে পরিবারের আইনজীবীরা আরও জানান, যাঁদের দায়িত্ব অপরাধ প্রতিরোধ করা, তাঁদের বিরুদ্ধেই অপরাধে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজনৈতিক ভাবে প্রভাবশালী ব্যক্তিদের যোগ রয়েছে বলেও দাবি করেন তাঁরা। দেহ দ্রুত দাহ করার অভিযোগ সংক্রান্ত মামলায় পুলিশি হেফাজতের নির্ধারিত মেয়াদ এখনও শেষ হয়নি। ফলে অভিযুক্তদের সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে সওয়াল করেন পরিবারের আইনজীবীরা।

অন্যদিকে, সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, এদিন তদন্তকারী আধিকারিক আদালতে উপস্থিত রয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁদের অপরাধের সঙ্গে যুক্ত করার মতো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এই ঘটনায় তদন্ত চলছে বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে জানানো হয়।

নির্মল ঘোষের আইনজীবীও জামিন বাতিলের আবেদনের বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, তদন্তকারী সংস্থা একাধিক বার তাঁর মক্কেলকে তলব করেছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার মতো কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সব পক্ষের বক্তব্য শোনার পর নির্যাতিতার পরিবারের তরফে জানানো জামিন বাতিলের আবেদন খারিজ করে দেয় শিয়ালদহ আদালত। ফলে আপাতত জামিনেই থাকছেন নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়। তবে নির্যাতিতার দেহ দ্রুত দাহ করার নেপথ্যে কোনও অপরাধমূলক ষড়যন্ত্র ছিল কি না, সেই সংক্রান্ত তদন্ত এখনও শেষ হয়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপ কী হয়, আপাতত সে দিকেই নজর থাকবে নির্যাতিতার পরিবারের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।