কন্ট্রোল ভালভ ট্রায়াল ভিত্তিতে স্থাপনের পর কলকাতা পুর এলাকার অনেক জায়গায় জল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক
কন্ট্রোল ভালভ ট্রায়াল ভিত্তিতে স্থাপনের পর কলকাতা পুর এলাকার অনেক জায়গায় জল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক

কন্ট্রোল ভালভ ট্রায়াল ভিত্তিতে স্থাপনের পর কলকাতা পুর এলাকার অনেক জায়গায় জল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক

Bengal Liberty : টালায় পাইপ ফাটলের ঘটনার পর কেটে গিয়েছে অনেকটা দিন। তারপরে কলকাতা পুরসভার অন্তর্গত বেশ কয়েকটি এলাকায় জল সরবরাহ স্বাভাবিক করে তোলার জন্য নিরলস পরিশ্রম করে গিয়েছেন কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের কর্মীরা। মূল ফিডিং বুস্টার পাম্পিং স্টেশনে ১৫০০ মিলিমিটারের কন্ট্রোল ভালভ বসানো হয় ট্রায়াল ভিত্তিতে। সেই ট্রায়াল প্রক্রিয়া শনিবার দুপুরে চালানো হয়। শনিবার দুপুরে সেই ট্রায়াল প্রক্রিয়া চলার পরে কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে।

কলকাতা পুরসভার তরফ থেকে এই ট্রায়াল প্রক্রিয়ার উপর পুরো নজরদারি চালানো হচ্ছে। বরো ১-এর ৯ নম্বর ওয়ার্ডের ১৮টি জায়গায় জল সরবরাহ ব্যবস্থার উন্নতি হয়েছে। ১ নম্বর বরোর ৮ নম্বর ওয়ার্ডের ৮টি জায়গায় জল সরবরাহ ব্যবস্থার উন্নতি হয়েছে। ১ নম্বর বরোর ৭ নম্বর ওয়ার্ডে ৭টি জায়গায় জল সরবরাহ ব্যবস্থার উন্নতি হয়েছে। ২ নম্বর বরোর ১৯ নম্বর ওয়ার্ডে আহিরীটোলা স্ট্রিট ও এম.ডি. রোড ছাড়াও বেশ কয়েকটি অংশে টালায় পাইপ ফাটলের পর জল সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছিল ও কার্যত জল পরিষেবা বন্ধ হয়ে পড়েছিল। সেই সব জায়গায় জল সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়েছে।

এখনও অবশ্য ১৪, অভয় মিত্র স্ট্রিট, ১৪এ, ১৪বি, ১৪সি, গিরিশ অ্যাভিনিউ, ১৬বি বাগবাজার স্ট্রিট, পি-৩২ ক্ষিরোদ বিদ্যা অ্যাভিনিউ-তে জল সরবরাহ ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি বলে কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে। এখনও সরু হয়ে জল পড়ছে বিপ্রদাস দে লেন বস্তি এলাকায়। ২১/১ নাথের বাগান স্ট্রিট ও বেনিয়াটোলা স্ট্রিট বস্তির ১০ নম্বর পার্টে জল সরবরাহ এখনও বন্ধ রয়েছে। কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, এখনও যে সমস্ত জায়গায় জল সরবরাহ স্বাভাবিক হয়নি, সেই সমস্ত জায়গায় জল সরবরাহ স্বাভাবিক করার ক্ষেত্রে দিনরাত পরিশ্রম করে চলেছে কলকাতা পুরসভার সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।