Kalyani
নিমতায় রণক্ষেত্র পরিস্থিত

বেপরোয়া লরির বলি যুবক! ইটের নীচে চাপা পড়ে মৃত্যু, নিমতায় রণক্ষেত্র পরিস্থিত

জানা গিয়েছে, মৃত যুবকের নাম সাইফুল। শনিবার সকালে নিমতা এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল ইটবোঝাই একটি লরি। তেঘরিয়া মোড়ের কাছে একটি আন্ডারপাস দিয়ে ঘোরার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় সেটি। সেই সময় রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন সাইফুল। উলটে যাওয়া লরির নীচে চাপা পড়েন তিনি। লরির ইট সরিয়ে বেশ কিছুক্ষণ পর তাঁকে উদ্ধার করা হয়। ততক্ষণে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনায় আহত হয়েছেন আরও এক পথচারী। স্থানীয়দের দাবি, পুলিশ লেখা একটি গাড়ি লরিটিকে ধাওয়া করছিল। পুলিশের তাড়া খেয়েই দ্রুত গতিতে ছুটছিল লরিটি। সেই কারণেই চালক নিয়ন্ত্রণ হারান বলে অভিযোগ। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোলা থানার পুলিশ। জানা গিয়েছে, নিমতা ও ঘোলা থানার মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

এদিকে, দুর্ঘটনার পর পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনাও ঘটে। এর জেরে বিমানবন্দরগামী লেন সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।