Bengal Liberty : সংসদের বিশেষ অধিবেশন ঘিরে এবার তৃণমূলের অন্দরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক অঙ্ক। কেন্দ্রের এনডিএ সরকার যখন আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর প্রস্তুতি নিচ্ছে, তখন দলের সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে কড়া পদক্ষেপ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার লোকসভায় তৃণমূলের সাংসদদের উদ্দেশে তিন লাইনের হুইপ জারি করেছেন তিনি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, দল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেওয়া ২০ জন সাংসদকেও এখনও নিজেদের সাংসদ হিসেবেই গণ্য করছে কালীঘাট শিবির। ফলে এই হুইপ ঘিরে তৃণমূল ও এনসিপিআইয়ের মধ্যে নতুন করে সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
হুইপ জারি অভিষেকের
উল্লেখ্য, দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড থাকায় অভিষেক নিজেই হুইপ জারি করেছেন। শনিবার জারি করা হুইপে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত লোকসভার অধিবেশনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদকে উপস্থিত থাকতে হবে। কোনও কারণেই অনুপস্থিত থাকা যাবে না। এই কয়েকটি দিন সংসদের কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দলের নির্দেশ মেনে প্রত্যেক সাংসদকে অধিবেশনে হাজির থাকার বার্তা দিয়েছেন অভিষেক।
গাঁয়ে মানে না আপনি মোড়ল?
এই হুইপ ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন, কারা মানবেন অভিষেকের নির্দেশ? কালীঘাট শিবিরের হিসাব অনুযায়ী, তৃণমূলের সাংসদ সংখ্যা এখনও ২৮। কারণ, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়রা এনসিপিআইয়ে যোগ দিলেও এখনও ওই দলের সাংসদ হিসেবে পৃথক স্বীকৃতি পাননি। ফলে খাতায়-কলমে তাঁরা এখনও তৃণমূলের সাংসদ হিসেবেই রয়েছেন। হুইপ অমান্য করলে তাঁদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাও রয়েছে।
আরও খবর
অন্যদিকে, শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পর শতাব্দী রায় জানিয়েছেন, তিনি মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করবেন। তাঁর মতো অন্য দলত্যাগী সাংসদেরাও দু’টি বিলের ক্ষেত্রে এনডিএর পাশে দাঁড়াতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন মাত্র আট জন সাংসদ। তাঁদের মধ্যে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সৌগত রায়, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ ও শত্রুঘ্ন সিনহা। এই পরিস্থিতিতে অভিষেকের জারি করা হুইপ শেষ পর্যন্ত কত জন সাংসদ মানবেন, তা নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।


