লোকসভার অধিবেশনের আগে কল্যাণের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে সক্রিয় তৃণমূল কংগ্রেস
লোকসভার অধিবেশনের আগে কল্যাণের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে সক্রিয় তৃণমূল কংগ্রেস

লোকসভার অধিবেশনের আগে কল্যাণের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে সক্রিয় তৃণমূল কংগ্রেস

Bengal Liberty : লোকসভার আসন্ন অধিবেশনের আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে সক্রিয় হল তৃণমূল কংগ্রেস। দলের চিফ হুইপ কল্যাণের উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের আবেদন জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন তৃণমূলের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ স্পিকারের দফতরে পৌঁছয় ওই চিঠি।


অভিষেক তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, গত ২২ জুলাই বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল কল্যাণকে। পরবর্তী সময়ে ১৩ অগস্ট লোকসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে যায়। তবে অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়নি। ফলে আগামী ৩০ নভেম্বর অধিবেশনের পরবর্তী পর্ব শুরু হলেও প্রযুক্তিগত কারণে কল্যাণের সাসপেনশন বহাল রয়েছে।

অভিষেকের বক্তব্য, এই পরিস্থিতিতে সাসপেনশন প্রত্যাহার না হলে আগামী অধিবেশনে যোগ দিতে পারবেন না কল্যাণ। শুধু একজন নির্বাচিত সাংসদ হিসেবেই নয়, লোকসভায় তৃণমূলের চিফ হুইপ হিসেবেও তাঁর দায়িত্ব পালন ব্যাহত হবে। সংসদীয় কাজকর্মে দলের সাংসদদের অংশগ্রহণের ক্ষেত্রে সমন্বয় রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তাঁর। সাসপেনশন বহাল থাকলে সেই কাজেও সমস্যা তৈরি হবে বলে চিঠিতে জানিয়েছেন অভিষেক। সাসপেনশন প্রত্যাহারের দাবির পক্ষে লোকসভার কার্যপ্রণালী বিধির ৩৭৪(২) নম্বর ধারার উল্লেখও করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই বিধিতে বলা হয়েছে, কোনও সদস্যের সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব সভায় আনা হলে লোকসভা যে কোনও সময়ে তা অনুমোদন করতে পারে।

আসন্ন অধিবেশনের কথা মাথায় রেখে কল্যাণের সাসপেনশন প্রত্যাহার সংক্রান্ত প্রস্তাবটি দ্রুত বিবেচনা করার জন্য স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন অভিষেক। তাঁর আশা, এই পদক্ষেপের ফলে কল্যাণ ফের সংসদীয় দায়িত্ব পালন করতে পারবেন এবং লোকসভার অধিবেশনে অংশ নিতে পারবেন।


উল্লেখ্য, গত ২২ জুলাই লোকসভায় মহিলা সাংসদদের বিরুদ্ধে ‘অসংসদীয়, অবমাননাকর ও অশালীন ভাষা’ ব্যবহারের অভিযোগে সাসপেন্ড করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। মিতালী বাগ ও কাকলি ঘোষ দস্তিদার-সহ দলের মহিলা সাংসদদের সঙ্গে তীব্র বাদানুবাদের সময় এই বিতর্কের সূত্রপাত। পরে তাঁরা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতেই অসদাচরণের দায়ে কল্যাণের বিরুদ্ধে সাসপেনশন প্রস্তাব পাশ হয়।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।