Bengal Liberty : পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া বহু মানুষ নিজেদের নাম ফেরানোর আবেদন জানালেও, ট্রাইবুনালে জমে রয়েছে বিপুল সংখ্যক মামলা। এই পরিস্থিতিতে বিশেষ অ্যাপিলেট ট্রাইবুনালে নিযুক্ত হাই কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ও বিচারপতিদের মাসিক সম্মানিক বাড়ানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রাক্তন প্রধান বিচারপতি মাসে ২ লক্ষ ৬০ হাজার টাকা এবং অন্যান্য প্রাক্তন বিচারপতিরা ২ লক্ষ ৫০ হাজার টাকা করে পাবেন। ২০ নভেম্বর থেকেই এই বর্ধিত সম্মানিক কার্যকর হচ্ছে। পাশাপাশি, বিচারপতিদের প্রাপ্য অর্থ দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছে কমিশন।
মুখ্যসচিবকে চিঠি কমিশনের
নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ট্রাইবুনালে নিযুক্ত হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির মাসিক সম্মানিক হবে ২ লক্ষ ৬০ হাজার টাকা। অন্য প্রাক্তন বিচারপতিরা পাবেন মাসে ২ লক্ষ ৫০ হাজার টাকা। ২০ নভেম্বর থেকে বর্ধিত হারে সম্মানিক দেওয়ার হিসাব কার্যকর হবে। শুধু সম্মানিক বৃদ্ধি নয়, এই সংক্রান্ত অন্যান্য প্রাপ্য খরচও দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে।
৬০ লক্ষের বেশি নাম বিচারাধীন
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে গত এপ্রিল মাসে এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের আবেদন নিষ্পত্তির জন্য বিশেষ অ্যাপিলেট ট্রাইবুনাল গঠন করা হয়। সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ও অবসরপ্রাপ্ত বিচারপতিদের। তবে পরিকাঠামোগত সমস্যা এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে পরবর্তী সময়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগ, বিশ্বজিৎ বসু-সহ কয়েকজন।
আরও খবর
পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ৬০ লক্ষের বেশি ভোটারের নাম ‘বিচারাধীন’ তালিকায় রাখা হয়েছিল। তথ্যগত অসঙ্গতির কারণে যাঁদের নাম নিয়ে প্রশ্ন উঠেছিল, তাঁদের আবেদন খতিয়ে দেখে নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয় অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইবুনালকে। নিজেদের বৈধ ভোটার হিসেবে দাবি করে বহু মানুষ সেখানে আবেদন জানিয়েছেন। কিছু মামলার নিষ্পত্তি হলেও অধিকাংশ আবেদন এখনও বিচারাধীন। ফলে ট্রাইবুনালে মামলার পাহাড় জমতে থাকায় দ্রুত নিষ্পত্তি নিয়ে প্রশ্ন উঠছে। আবেদনকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে বিচারপতির সংখ্যা বাড়ানোর দাবিও সামনে এসেছে।


