Bengal Liberty : অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকা স্পেশাল সামারি রিভিশন বা SSR প্রক্রিয়া ফের শুরু করার সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। তবে শুধু প্রক্রিয়া চালু করাই নয়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণেও পরিবর্তন আনা হয়েছে। আগে ১৬ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সেই সময়সীমা বাড়িয়ে ফেব্রুয়ারি মাসে তালিকা প্রকাশের কথা জানানো হয়েছে। পাশাপাশি ভোটার তালিকায় প্রত্যেক যোগ্য নাগরিকের নাম নিশ্চিত করতে আট দিন বিশেষ প্রচার অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
নতুন ভোটারদের নাম নথিভুক্তিতে বিশেষ গুরুত্ব
কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকায় যাতে কোনও যোগ্য নাগরিকের নাম বাদ না পড়ে, তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে যাঁদের নাম এখনও ভোটার তালিকায় ওঠেনি, তাঁদের নাম নথিভুক্ত করার উপর জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে নতুন ভোটারদেরও তালিকায় নাম তোলার সুযোগ দেওয়া হবে। যাঁদের বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে ১৮ বছর পূর্ণ হবে, তাঁরাও ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করতে পারবেন। শুধু নতুন নাম তোলাই নয়, ভোটার তালিকায় আগে থেকে থাকা তথ্য যাচাই করারও সুযোগ মিলবে। কোনও তথ্য ভুল থাকলে তা সংশোধনের জন্য আবেদন জানাতে পারবেন ভোটাররা। পাশাপাশি নাম সংযোজন, দাবি ও আপত্তি জমা দেওয়ার প্রক্রিয়াও চলবে।
ডিসেম্বর ও জানুয়ারিতে আট দিন বিশেষ শিবির
ভোটার তালিকা সংশোধন ও নাম নথিভুক্তির প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে আট দিন বিশেষ প্রচার অভিযান চালাবে কমিশন। ১৯, ২০, ২৬ ও ২৭ ডিসেম্বর এবং ২০২৭ সালের ২, ৩, ৯ ও ১০ জানুয়ারি এই বিশেষ শিবির বসবে। প্রতিটি ক্ষেত্রেই শনি ও রবিবার সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে শিবিরের আয়োজন করা হবে। ওই দিনগুলিতে সংশ্লিষ্ট বুথে উপস্থিত থাকবেন বুথ লেভেল অফিসার বা বিএলও-রা। তাঁদের কাছেই ভোটাররা নাম নথিভুক্তি, তথ্য সংশোধন, দাবি ও আপত্তি-সহ প্রয়োজনীয় আবেদন জমা দিতে পারবেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলির নিযুক্ত বুথ লেভেল এজেন্ট বা বিএলএ-দেরও শিবিরে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।


