Bengal Liberty : হাই কোর্টের নির্দেশ মেনে অবশেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলেন নন্দীগ্রামের কংগ্রেস নেতা মিলন প্রধান। শুক্রবার হলদিয়া আদালতে পৌঁছে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হয়ে যায়। নতুন করে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেও আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। সেই নির্দেশ মেনেই এদিন আদালতে হাজির হন মিলন। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে ওঠা মামলাগুলিকে ফের মিথ্যা বলে দাবি করেন কংগ্রেস নেতা।
ভোটের আগে পুরনো মামলায় গ্রেফতার
ঘটনার সূত্রপাত নন্দীগ্রামের উপনির্বাচনের আগে। ভোটের আবহে মমতা বন্দ্যোপাধ্যায় মিলন প্রধানকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন। এর পরেই ২০০৭ সালের জমি আন্দোলন সংক্রান্ত পুরনো মামলায় গ্রেফতার হন তিনি। খুন, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত ও লুটপাটের মতো একাধিক অভিযোগে নন্দীগ্রাম ও খেজুরি থানায় মামলা দায়ের হয়েছিল। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে মোট ছটি মামলা ছিল। গ্রেফতারের পর জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মিলন। ভোটের আগে শর্তসাপেক্ষে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় আদালত। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ২৫ নভেম্বর পর্যন্ত জামিন বহাল থাকবে। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁকে আত্মসমর্পণ করতে হবে।
হাই কোর্টের কড়া নির্দেশ
হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। তবে শীর্ষ আদালত হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি। মিলনের অন্তর্বর্তীকালীন জামিনও বহাল থাকে। পাশাপাশি, রাজ্যকে ফের হাই কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে, ২৫ নভেম্বর জামিনের মেয়াদ শেষ হলেও আত্মসমর্পণ করেননি মিলন। ওই দিনই কলকাতা হাই কোর্টে ফের শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। নতুন করে জামিনের আবেদন জানানো হলেও আদালত তাতে সায় দেয়নি। বরং আগের নির্দেশ অমান্য করে আত্মসমর্পণ না করায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, ২৭ নভেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে। অবশেষে সেই নির্দেশ মেনেই শুক্রবার হলদিয়া আদালতে হাজির হলেন নন্দীগ্রামের এই কংগ্রেস নেতা। এদিন পুরনো মামলায় আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পাশাপাশি, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা বলে ফের সরব হন তিনি।


