Calcutta High Court
বিরোধী দলনেতা নিয়োগে স্পিকারের সিদ্ধান্ত বাতিল

বিরোধী দলনেতা নিয়োগে স্পিকারের সিদ্ধান্ত বাতিল, নতুন সিদ্ধান্ত নিতে ১০ দিনের সময়সীমা বেঁধে দিল হাই কোর্ট

এ বারের বিধানসভা নির্বাচনে ৮০টি আসনে জয় পেয়েছে তৃণমূল। ফলে বিধানসভায় তারাই প্রধান বিরোধী দল। দলের চেয়ারপার্সন হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে মনোনীত করেন। সেই সিদ্ধান্ত জানিয়ে ৯ মে স্পিকারকে চিঠি পাঠায় তৃণমূল। কিন্তু অভিযোগ, সেই চিঠির ভিত্তিতে কোনও পদক্ষেপ করেননি স্পিকার। এর মধ্যেই ওই চিঠিতে বিধায়কদের সই জাল করার অভিযোগ ওঠে। দলবিরোধী কাজের অভিযোগে ১ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করে তৃণমূল। এর দু’দিন পর, ৩ জুন বিক্ষুব্ধ বিধায়কদের একাংশ ঋতব্রতকে বিরোধী দলনেতা করার দাবিতে স্পিকারকে চিঠি দেন। সেই চিঠির ভিত্তিতেই ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি দেন স্পিকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।

গত ১৬ নভেম্বর মামলার শুনানিতে স্পিকারের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণ রাও। বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিজস্ব সংবিধান ও সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ, তা জানতে চান তিনি। শুনানিতে বিচারপতির প্রশ্ন, ৭৮ জন বিধায়কের দাবি উপেক্ষা করে ৫৪ বা ৫৬ জন বিধায়কের বক্তব্যকে কেন বেশি গুরুত্ব দেওয়া হল? অন্য পক্ষের বক্তব্য শোনার প্রয়োজন ছিল না? রাজনৈতিক দলের সংবিধান ও সিদ্ধান্ত কি স্পিকার এড়িয়ে যেতে পারেন?

স্পিকারের হয়ে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্যও আদালতে ঘটনার ব্যাখ্যা দেন। রাজ্যের বক্তব্য ছিল, ১৫ মে স্পিকার দায়িত্ব গ্রহণ করেন। তার আগে স্পিকার নিযুক্ত না হওয়ায় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। ১৯ থেকে ২৪ মে কলকাতার বাইরে ছিলেন তিনি। ১৯ মে তৃণমূলের তরফে ৬ মে তারিখের একটি প্রস্তাব (রেজ়োলিউশন) পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে অন্য পক্ষের অভিযোগ এবং এফআইআর দায়েরের বিষয়টিও সামনে আসে। তবে রাজ্যের এই যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি।

এর আগে গত ১৮ অগস্ট এই মামলায় স্পিকারের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছিল, স্পিকার কোনও রাজনৈতিক দলের সদস্য হলেও দায়িত্ব পালনের সময় তাঁকে নিরপেক্ষ ও পক্ষপাতহীন থাকতে হবে। তাঁর রাজনৈতিক পরিচয় কোনও সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে না।

একই সঙ্গে আদালত স্পষ্ট করেছিল, বিরোধী দলনেতা ও মুখ্য সচেতক নিয়োগের ক্ষেত্রে শুধু বিধায়কদের সংখ্যার হিসাবই যথেষ্ট নয়। সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্তকেও গুরুত্ব দিতে হবে। এ বার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ স্পিকারের আগের সিদ্ধান্তই খারিজ করে দিল। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকে। ফলে বিধানসভার বিরোধী দলনেতা পদে শেষ পর্যন্ত কে স্বীকৃতি পান, সে দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।