লেনিন সরণির নাম পরিবর্তনের চিন্তাভাবনা করছে কলকাতা পুরসভা
লেনিন সরণির নাম পরিবর্তনের চিন্তাভাবনা করছে কলকাতা পুরসভা

লেনিন সরণির নাম পরিবর্তনের চিন্তাভাবনা করছে কলকাতা পুরসভা

Bengal Liberty : লেনিন সরণির নাম পরিবর্তনের বিষয়ে এবার চিন্তাভাবনা শুরু করল কলকাতা পুরসভা। শুক্রবার কলকাতা পুরসভায় রিনেমিং ও নামকরণ কমিটির বৈঠক বসে। সেখানে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ, বিজেপি নেতা তথাগত রায় সহ পুরসভার আধিকারিকরা। সেখানে কলকাতা পুরসভার বিভিন্ন এলাকা, মেট্রো স্টেশনের নামকরণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথাগত রায় বলেন, লেনিন সরণির নাম পরিবর্তনের বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। অদূর ভবিষ্যতে এই রাস্তার নাম পরিবর্তন হবে। এর জন্য যেন কেউ দুঃখ না পায়। এছাড়াও স্ট্র্যান্ড রোডের নাম পরিবর্তন করে সম্রাট শশাঙ্ক সরণি করার বিষয়টি অনেকটাই এগিয়ে রয়েছে। এছাড়াও বিশ্ববাংলা সরণি, হো চি মিন সরণি, সত্যজিত রায় সরণি, রহিম ওস্তাগর রোডের নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে।

ইতিমধ্যেই ১৬-১৭ নাম নিয়ে আলোচনা হয়েছে। এদিনের বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, ৪টি বৈঠকের পর বিষয়টি চূড়ান্ত হলে প্রস্তাবটি বিধানসভায় পাঠানো হবে। রাজ্য সরকার সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তা কার্যকর হবে।
এদিন তথাগত রায় আরও বলেন, মেট্রো স্টেশনগুলির নাম নিয়েও সাধারণ মানুষের একাংশের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছে, যে মেট্রো স্টেশনগুলোর নাম মণীষিদের নামে রয়েছে, সেই স্টেশনগুলোর পরিবর্তন করে সংশ্লিষ্ট জায়গার নামেই রাখা হবে। এই প্রসঙ্গে তথাগতবাবু আরও বলেন, সেই নামগুলো সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে তা মেট্রো রেলকে জানানো হবে।

এই বিষয়ে মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁর সঙ্গে আমার আলোচনা ফলপ্রসু হয়েছে। কার্তিক মহারাজ বলেন, আগামী ৯ ডিসেম্বর আমরা এই বিষয় নিয়ে ফের বৈঠকে বসব। তার আগে যেসব রাস্তার নাম পরিবর্তনের ব্যাপারে চিন্তাভাবনা করা হয়েছে, তা ভালভাবে খতিয়ে দেখবেন পুরসভার আধিকারিকরা। বেশ কিছু তথ্য আমাদের লাগবে, যা বর্তমানে আমাদের হাতের কাছে নেই। ৯ ডিসেম্বরের মধ্যে আমরা আশা করছি, সংশ্লিষ্ট তথ্যগুলো আমাদের হাতের কাছে চলে আসবে, তখন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।