Bengal Liberty : চিকিৎসার জন্য বাংলার মানুষকে আর ভিনরাজ্যে ছুটতে হবে না। রাজ্যেই গড়ে উঠবে উন্নত চিকিৎসার পরিকাঠামো। সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা হবে ক্যানসার-সহ জটিল রোগের দামি ওষুধ। স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো বদলাতে এমনই একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার অন্ডালে একটি বেসরকারি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, রাজ্যে নতুন করে চারটি মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। ইতিমধ্যেই তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি রাজ্যের প্রতিটি হাসপাতালে খোলা হবে অমৃত মেডিসিন সেন্টার। মুখ্যমন্ত্রীর দাবি, স্বাস্থ্য পরিষেবায় পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি চিকিৎসার খরচ কমানোও সরকারের অন্যতম লক্ষ্য।
তৈরি হবে ৪ মেডিক্যাল কলেজ
পালাবদলের পর থেকেই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে একাধিক পদক্ষেপের কথা তুলে ধরছে নতুন সরকার। নিউটাউনে আদানি গোষ্ঠীর উদ্যোগে হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে। সেখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য ১,০০০টি শয্যা বিনামূল্যে রাখার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, শুক্রবার অন্ডালে ৫০০ শয্যার একটি বেসরকারি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকেই আগামী দিনের স্বাস্থ্য পরিকল্পনা তুলে ধরেন শুভেন্দু। তিনি জানান, রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। ইতিমধ্যেই এই প্রকল্পগুলির জন্য অর্থ বরাদ্দ হয়েছে। পাশাপাশি ক্যানসার-সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত দামি ওষুধ কম দামে সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে চালু হবে অমৃত মেডিসিন সেন্টার। রাজ্যের সমস্ত হাসপাতালে এই সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্যবিমা নিয়েও সরকারের পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, রাজ্যের সাড়ে ৮ কোটি মানুষকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাড়ে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন। যাঁরা এই প্রকল্পের আওতায় আসছেন না, তাঁদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী হেলথ স্কিম। তিনি আরও বলেন, আগে ১ হাজার ৭০০ হাসপাতালে স্বস্থিসাথির পরিষেবা মিলত, নতুন সরকার আসার পরে ৩৮ হাজার হাসপাতালে পরিষেবা মিলবে।
আরও খবর
ভিনরাজ্যে চিকিৎসা করাতে যাওয়ার প্রবণতা বদলের বার্তা
স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি সরকারি হাসপাতালের রোগীদের খাবারের বরাদ্দ নিয়েও আগের তৃণমূল সরকারকে নিশানা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, আগের সরকার তিনবেলার খাবারের জন্য রোগীপিছু দৈনিক মাত্র ৫৬ টাকা ৪০ পয়সা বরাদ্দ করেছিল। অথচ বিধায়ক, মন্ত্রী ও সাংসদদের বেতন বেড়েছে। হাসপাতালের খাবারের বরাদ্দ বাড়েনি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই বরাদ্দ বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে রাজ্যের সমস্ত হাসপাতালে হৃদরোগীদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
এদিন বাংলার মানুষকে চিকিৎসার জন্য ভিনরাজ্যে যেতে হওয়া নিয়েও আক্ষেপ প্রকাশ করেন শুভেন্দু। তাঁর কথায়, ভিনরাজ্যের মানুষ চিকিৎসা করাতে বাংলায় আসেন। অথচ বাংলার বাসিন্দাদের একটা বড় অংশ চিকিৎসার জন্য ভেলোরে ছুটে যান। এই প্রবণতা বদলাতে হবে। রাজ্যেই এমন উন্নত চিকিৎসা পরিকাঠামো গড়ে তুলতে হবে, যাতে মানুষ নিজের রাজ্যে থেকেই সেরা চিকিৎসা পান। মুখ্যমন্ত্রীর দাবি, সেই লক্ষ্যেই স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে চিকিৎসার খরচ কমানো-সব দিকেই একসঙ্গে জোর দিচ্ছে সরকার।


