Adhir Ranjan Chowdhury
নির্বাচন কমিশনকে চিঠি অধীর চৌঘুরীর

SIR-এ পুলিশ-সিভিকদের ভূমিকা নিয়ে বিস্ফোরক অধীর! মুখ্য নির্বাচনী আধিকারিককে দিলেন চিঠি

কমিশনারকে লেখা চিঠিতে অধীর উল্লেখ করেছেন, ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের একাধিক ধারা অনুযায়ী ভোটার তালিকা তৈরি ও সংশোধনের দায়িত্ব নির্দিষ্ট নির্বাচনী আধিকারিকদের উপর ন্যস্ত রয়েছে। তাঁর বক্তব্য, এই আইনে পুলিশ বা সিভিক ভলান্টিয়ারদের নিজ উদ্যোগে ভোটার যাচাইয়ের কাজ করার কোনও অনুমতি দেওয়া হয়নি। অধীরের অভিযোগ, বিভিন্ন জায়গায় কোনও লিখিত নির্দেশ ছাড়াই পুলিশ ভোটার যাচাইয়ের কাজ করছে। নাগরিকদের সামনে নিয়োগপত্র, কাজের নির্দিষ্ট এলাকা কিংবা দায়িত্বের বিবরণও তুলে ধরা হচ্ছে না। এমনকি, কোন আইনের অধীনে এবং কী উদ্দেশ্যে নথি চাওয়া হচ্ছে, তা-ও স্পষ্ট করা হচ্ছে না। তাঁর দাবি, এই পরিস্থিতিতে সাধারণ ভোটারদের মধ্যে ভয় ও বিভ্রান্তি তৈরি হচ্ছে। বিশেষ করে দরিদ্র, সংখ্যালঘু ও প্রান্তিক শ্রেণির মানুষ হয়রানির শিকার হচ্ছেন।

চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একাধিক দাবি জানিয়েছেন। পুলিশকর্মীদের SIR-এর কাজে নিয়োগের জন্য কোনও লিখিত নির্দেশ জারি করা হয়েছে কি না, তা প্রকাশ্যে জানানোর দাবি তুলেছেন তিনি। একই সঙ্গে কারা এই নির্দেশ দিয়েছেন, সেই আধিকারিকদের নামও প্রকাশের দাবি জানিয়েছেন। তাঁর আরও দাবি, আইন মেনে নিয়োগ করা না হয়ে থাকলে অবিলম্বে SIR-এর ভোটার যাচাইয়ের কাজ থেকে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের সরিয়ে নিতে হবে। কোনও নাগরিককে যাতে ভয় দেখিয়ে বা জোর করে নথি জমা দিতে বাধ্য করা না হয়, সে বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপারদের কড়া নির্দেশ দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।অধীরের মতে, ভোটার যাচাইয়ের কাজ শুধুমাত্র নির্বাচন কমিশনের অনুমোদিত BLO, ERO এবং AERO-দের মাধ্যমেই করা উচিত। তাঁদের কাছে পরিচয়পত্র ও লিখিত অনুমোদন থাকা জরুরি। তাঁর বক্তব্য, SIR প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে আইনি বিধি মেনে কাজ করা প্রয়োজন। অন্যথায় নির্বাচন কমিশনের প্রতি সাধারণ মানুষের আস্থাশ ক্ষকি হতে পারে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।