Modi Katwa rally
Bengal Liberty Desk, Kolkata:
আসন্ন বিধানসভা ভোটের আবহে আজ শনিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় দিনে প্রথম সভা করেন দেশের প্রশাসনিক প্রধান তথা ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি Modi Katwa rally। ভোটের পূর্বে বিজেপির প্রচারে গতি আনতেই এই সভার আয়োজন করা হয়। সভায় বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। পূর্ব বর্ধমানের জেলা নেতৃত্ব মঞ্চে স্বাগত জানিয়েছেন মোদিকে। কাটোয়ার সভায় প্রধানমন্ত্রীর জন্য কয়েক জন শিশু ছবি নিয়ে এসেছিল। প্রধানমন্ত্রী তাদের ছবি জমা দিয়ে দিতে বলেন। জানান, পিছনে নাম ও ঠিকানা লেখা থাকলে তিনি ধন্যবাদবার্তা পাঠাবেন।

তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসকে
সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, রাজ্যে দুর্নীতি ও কাটমানি সংস্কৃতি বেড়েছে এবং সাধারণ মানুষ তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে উন্নয়নের নতুন দিশা খুলবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে হলে মানুষের সমর্থন প্রয়োজন। তাই আগামী নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে সরকার গঠনের আহ্বান জানান তিনি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন এবং দাবি করেন, সেই প্রকল্পগুলির সুবিধা বাংলার মানুষকে আরও বেশি করে পৌঁছে দেওয়া হবে।
বাংলার কাছে হেরে গেছে গুজরাত
এদিনের সভায় প্রধানমন্ত্রী বলেন, বাংলার কাছে গুজরাত আজ হেরে গেছে। তিনি বলেন, ‘গুজরাতেও সকাল ১১-১২টায় এমন সভা আমি করতে পারি না। চাইলেও করা যায় না। আপনারা এখানে আশ্চর্য জমায়েত করেন প্রতিবার। আগের ভিড়ের রেকর্ড নিজেরাই ভেঙে দেন। আমি অভিভূত। এ রাজ্যে যে ৪ মে-র পর পরিবর্তন আসছে, তা এখান থেকেই নিশ্চিত।’

আলু চাষিদের বার্তা প্রধানমন্ত্রীর
কাটোয়ার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলু চাষিদের উদ্দেশ্যে বার্তা দেন। তিনি বলেন, ‘তৃণমূলের সরকার আলু চাষিদের বরবাদ করে দিয়েছে। আলু পচছে। এটা চলবে না। বাংলা চুপ থাকবে না।’ বিজেপি কৃষকদের জন্য ইস্তাহারে অনেক ঘোষণা করেছে। ‘ডবল ইঞ্জিন’ সরকারের সুবিধা পাবেন কৃষকেরা।
প্রথম ক্যাবিনেট বৈঠকেই আয়ুষ্মান ভারত
এদিনের সভায় বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আয়ুষ্মান ভারত যোজনাতেও বাধা দিয়েছে তৃণমূল। ৪ মে’র পর বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নিলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই প্রকল্প চালু করা হবে, আমার গ্যারান্টি রইল।’
কেন্দ্রীয় প্রকল্পে বাধার অভিযোগ
মোদি বলেন, ‘পিএম বিশ্বকর্মা প্রকল্পের অধীনে শিল্পীদের কেন্দ্রীয় সরকার প্রশিক্ষণ দেয়। অসমে এক লক্ষ মানুষ এই প্রশিক্ষণ পেয়েছেন। বিহারেও পেয়েছেন। প্রত্যেকে ১৫ হাজার টাকার আর্থিক সাহায্যও পেয়েছেন। তৃণমূল এই প্রকল্প এখানে আনতে দেয়নি। অনেক বড় ক্ষতি করে দিয়েছে আপনাদের।’
যুব এবং সরকারি কর্মীদের বার্তা
মোদি আরও বলেন, ‘বিজেপি এলে যুবসমাজ লক্ষ লক্ষ চাকরি পাবে। বেকারদের ভাতাও দেওয়া হবে। দুর্নীতির জন্য যাঁরা ক্ষতিগ্রস্ত, তাঁদের বয়সে ৫ বছর ছাড় দেওয়া হবে। রোজগার মেলার আয়োজন করা হবে এখানেও। সপ্তম বেতন কমিশনের সুবিধা পাবেন কর্মচারীরা। রাজ্যের সব শূন্যপদে নিয়োগ করা হবে।’
মহিলাদের সরকারি পরিবহণে যাতয়াত ফ্রি
মোদি বলেন, ‘তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। একের পর এক মিথ্যা বলছে। বলছে আমরা ক্ষমতায় এলে নাকি সব প্রকল্প বন্ধ হয়ে যাবে। আসলে তা নয়। আসলে বিজেপি ওদের দুর্নীতির দোকান বন্ধ করবে। লুট বন্ধ করবে।’ সংকল্প পত্রে মহিলাদের জন্য মাসে তিন হাজার টাকা, বিনামূল্যে সরকারি পরিবহণে যাতায়াতের ঘোষণা করেছে বিজেপি। সেগুলি উল্লেখ করেন মোদিও। জানান, বিজেপির আমলে এ রাজ্যের মহিলারা নিরাপদে, নির্ভয়ে যাতায়াত করতে পারবেন।
১৫ বছরের হিসাব হবে
মোদি বলেন, ‘আপনাদের ছ’টি গ্যারান্টি দিয়েছিলাম। সেগুলি পূরণের সময় এসেছে। তৃণমূলের নির্মম সরকারের ভয়ের রাজকে সরিয়ে ভরসায় বদলে দেবে আমার গ্যারান্টি। দুর্নীতি নিয়ে বিজেপি শ্বেতপত্র জারি করবে। যাতে তৃণমূলের সব সিন্ডিকেট, সব দুর্নীতিগ্রস্তদের হিসাব করা যায়। ১৫ বছরের হিসাব হবে। সব কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা হবে।’
এই সভাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্যে প্রচার আরও তীব্র করছে। কাটোয়ার সভা সেই প্রচারেরই একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে। এই সভার মাধ্যমে বাংলায় রাজনৈতিক লড়াই আরও তীব্র হবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। অন্যদিকে এই সভা নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে জানিয়েছে, বিজেপির সভা দিয়ে বাংলার মানুষের মন জয় করা সম্ভব নয়।

