noapara blust
Bengal Liberty, Kolkata:
দ্বিতীয় দফার ভোটের আগে শনিবার দুপুরে আচমকাই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল নোয়াপাড়া থানা এবং আশেপাশের এলাকা। হঠাৎ এই তীব্র শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে এসে কী ঘটেছে তা বোঝার চেষ্টা করেন।

নোয়াপাড়ায় থানার ভেতরে বিস্ফোরণ noapara blust
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, নোয়াপাড়া থানার ভেতরে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর বোমার স্প্লিন্টার আশেপাশের কয়েকটি বাড়ির দিকে ছিটকে গিয়ে পড়ে। পাশাপাশি নোয়াপাড়া থানার পুরনো ভবনের একটি অংশ ভেঙে পড়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত ঠিক কী কারণে এই বিকট আওয়াজ হল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটি বোমা বিস্ফোরণ নাকি পুরনো ও জরাজীর্ণ ভবনের একটি অংশ ধসে পড়ার ফলেই এমন শব্দ হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং এলাকা ঘিরে তদন্ত শুরু হয়েছে। বম্ব স্কোয়াডকেও ঘটনাস্থলে ডাকা হয়েছে বলে জানা গেছে।

ভোটের আগে বোমা মজুতের জল্পনা
এদিকে ভোটের ঠিক আগে এই বিস্ফোরণকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকায় কোথাও বোমা মজুত করে রাখা হয়েছিল কি না, সেই জল্পনাও সামনে আসছে। কিছু মহলের মতে, দ্বিতীয় দফার ভোটের আগে বুথে অশান্তি সৃষ্টি বা বুথ দখলের উদ্দেশ্যে কোথাও বোমা জমা করে রাখা ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা দরকার। অসাবধানতাবশত সেই বোমাগুলির কোনওটি বিস্ফোরিত হয়ে এই ঘটনা ঘটেছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও নিশ্চিত মন্তব্য করা হয়নি। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
নোয়াপাড়া থানার মতো একটি সুরক্ষিত জায়গার ভেতরেই বা আশপাশে এমন বিকট বিস্ফোরণের ঘটনা স্বাভাবিকভাবেই নতুন করে নানা প্রশ্ন তুলে দিয়েছে। সাধারণত আইনশৃঙ্খলা রক্ষার কেন্দ্র হিসেবেই থানাকে দেখা হয়। সেখানে যদি বিস্ফোরণের মতো ঘটনা ঘটে, তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়াটাই স্বাভাবিক।বিশেষ করে ভোটের মুখে এই ঘটনার পর অনেকের মধ্যেই প্রশ্ন উঠছে—রাজ্যের বিভিন্ন প্রান্তে কি কোথাও বারুদ জমে রয়েছে, যা যে কোনও সময় বিস্ফোরিত হয়ে পরিস্থিতি অশান্ত করে তুলতে পারে? যদিও ঘটনার প্রকৃত কারণ জানতে এখনও তদন্ত চলছে, তবু থানার চত্বর ঘিরে এই বিস্ফোরণের খবর ভোটের আবহে নতুন করে উদ্বেগ ও জল্পনার জন্ম দিয়েছে।
