Oath Ceremony
Bengal Liberty, ৯ মে:
দক্ষিণী রাজনীতির অলিন্দে এখন চরম অনিশ্চয়তা।শোনা যাচ্ছিল, অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা বিজয়ের মাথায় উঠতে চলেছে তামিলনাড়ুর রাজমুকুট। কিন্তু শপথের ঠিক আগের মুহূর্তে তৈরি হলো চরম নাটকীয়তা। ম্যাজিক ফিগারের ধাঁধায় আপাতত স্থগিত হয়ে গেল বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান। ১১৮ জন বিধায়কের সই সংবলিত সমর্থনের চিঠি পেশ করতে না পারায় থমকে গেল সরকার গঠনের প্রক্রিয়া।

১০ আসনের গেরোয় আটকে বিজয় Oath Ceremony
তামিলনাড়ু বিধানসভার মোট আসন ২৩৪। এবং সরকার গড়তে প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। এবারের নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল TVK ১০৮টি আসনে জয়লাভ করে তাক লাগিয়ে দিয়েছে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গড়তে প্রয়োজন আরও ১০ জন বিধায়কের সমর্থন।
উল্লেখ্য শুক্রবার বিকেলে দাবি করা হয়েছিল, কংগ্রেস, বাম দল (CPI, CPIM), ভিসিকে এবং মুসলিম লিগ (IUML) বিজয়কে সমর্থনের আশ্বাস দিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে ভিসিকে (VCK) দল তাদের সমর্থনের চিঠি দেয়নি বলে খবর। দোলাচলের মধ্যে নাটকীয়ভাবে ভোলবদল করেছে আইইউএমএল-ও (IUML)। ফলে রাতের অন্ধকার নামতেই সমীকরণ তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

রাজভবনের কড়া মনোভাব
সূত্রের খবর, শুক্রবার বিকেলে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে দেখা করে ১১৬ জন বিধায়কের স্বাক্ষর জমা দিয়েছিলেন বিজয়। কিন্তু রাজ্যপাল সাফ জানিয়ে দেন, ১১৮ জন বিধায়কের পূর্ণাঙ্গ সই ছাড়া কাউকে মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করবেন না তিনি
সুযোগের অপেক্ষায় বিরোধীরা
বিজয়ের এই নড়বড়ে পরিস্থিতির সুযোগ নিতে ময়দানে নেমে পড়েছে অন্যান্য দলগুলি। টিটিভি দিনাকরণের দল এএমএমকে (AMMK) ইতিমধ্যেই রাজ্যপালকে চিঠি লিখে এআইএডিএমকে-কে (AIADMK) সরকার গঠনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে।
সবমিলিয়ে,যেখানে বঙ্গে বিজেপি পূর্ণ শক্তি নিয়ে স্থির সরকার গড়তে চলেছে আজ, সেখানে দক্ষিণের এই অস্থিরতা সাধারণ মানুষের জন্য মোটেও সুখকর নয়। বিজয়ের দলের অভ্যন্তরে এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ায় সেটাই দেখার! এবং বিজয় কি পারবেন শেষ মুহূর্তে হারানো জমি পুনরুদ্ধার করে ১১৮র কোটা পূর্ণ করতে? নাকি তামিলনাড়ু আবার পুরোনো রাজনৈতিক চক্রে আবর্তিত হবে?
