Actor Jeet
Bengal liberty desk,9 মে ,কলকাতা:
গত ২৩ বছর ধরে বাংলা সিনেমার পর্দায় তিনি গুন্ডা পিটিয়েছেন, প্রেম করেছেন, আর রাজনীতিকে দিয়েছেন সযত্নে এড়িয়ে। টলিউডের সেই ‘একমেবাদ্বিতীয়ম’ সুপারস্টার জিৎকে আজ হঠাতই দেখা গেল ব্রিগেডের শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চে। চোখে রোদচশমা আর গায়ে দুধসাদা পাঞ্জাবি—দেখে মনে হচ্ছিল যেন সিনেমার কোনো বিশেষ প্রিমিয়ারে এসেছেন! কিন্তু আসল ‘টুইস্ট’ তো লুকিয়ে ছিল মঞ্চের ভিভিআইপি সিটে। Actor Jeet

রাজনীতি বুঝি না, তবু ব্রিগেডে আমি! Actor Jeet
জিৎ এর চিরকালীন ডায়লগ ছিল— ‘আমি ভাই রাজনীতি বুঝি না’। কিন্তু আজ শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের শুভ লগ্নে তাঁর এই সরব উপস্থিতি দেখে অনেকেই টিপ্পনি কাটছেন— ‘রাজনীতি না বুঝলে কী হবে, নতুন সরকারের সুশাসনের হাওয়াটা ঠিক বুঝে ফেলেছেন বস!’ সাদা পোশাকে এসে তিনি নিজেকে ‘নিউট্রাল’ প্রমাণের আপ্রাণ চেষ্টা করলেও, সমালোচকরা বলছেন, ‘সাদা ধবধবে পাঞ্জাবিতে কি তবে এবার একটু গেরুয়া আবির ছিটে লাগল?’

টলিউডের ‘বস’-এর কি ভোলবদল?
তৃণমূলের দীর্ঘ দেড় দশকের শাসনকালে ইন্ডাস্ট্রির কত রথী-মহারথী নবান্ন থেকে ফেডারেশনের দরজায় লাইন লাগিয়েছেন, কিন্তু জিৎ- এর টিকিটিও কেউ দেখতে পায়নি। তবে কি আজ ২৫শে বৈশাখের সকালেই জিৎ -এর মনে সেই ‘শুভ সূচনা’ হলো? প্রশ্ন উঠছে, সাদা পাঞ্জাবি কি আসলে একটি সাদা ক্যানভাস, যেখানে খুব শীঘ্রই পদ্মফুল আঁকা হতে চলেছে?

নতুন সরকারের কাছে একরাশ আশা:
জিৎ জানিয়েছেন, নতুন সরকারের কাছে তিনি অনেক কিছু আশা করছেন, চাইছেন সুশাসন।সুশাসন থেকে শুরু করে রাজ্যের সামগ্রিক উন্নতি—সব নিয়েই তিনি আশাবাদী। নেটিজেনদের মস্করা— ‘সুশাসন তো চাইলেন, কিন্তু টলিউডের সিঙ্গল স্ক্রিনগুলো বাঁচাতে কি এবার জঙ্গলমহলের নেতার কাছেই দরবার করবেন সুপারস্টার?’ জিতের এই সারল্য মাখা ‘খুব ভালো লাগছে’ মন্তব্যটি শুনে অনেকেই বলছেন, সাদা পোশাকে এসেও জিৎ -এর উপস্থিতি কিন্তু ব্রিগেডে সবথেকে বেশি ‘রঙিন’ জল্পনা তৈরি করে দিয়ে গেল।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা মমতা শঙ্করদের ভিড়ে জিৎ ছিলেন স্পটলাইটের একেবারে কেন্দ্রে। তাঁর সাদা পাঞ্জাবি আসলে জল্পনার এক রঙিন আকাশ। পর্দার ‘বস’ কি এবার বাস্তবের মাটিতেও ক্ষমতার নতুন সমীকরণে নিজের জায়গা পাকা করে নিলেন? উত্তরটা হয়তো জিৎ -এর সেই রহস্যময় রোদচশমার আড়ালেই লুকানো আছে।
