TMC Leader Sepai Arrested
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি এবং বালিখাদান থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগে পূর্ব বর্ধমানের গলসির প্রভাবশালী তৃণমূল নেতা জাহির আব্বাস মণ্ডল ওরফে ‘সেপাই’-কে গ্রেফতার করল পুলিশ। রবিবার ভোররাতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অরবিন্দ নগর থানার রামানুজম এলাকার একটি কোয়ার্টার থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি গলসি থানার রাইপুর গ্রামে।
রবিবারই অভিযুক্তকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে পুলিশ তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। আদালত শুনানির পর জাহির আব্বাস মণ্ডলকে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

২০২১-এর আতঙ্ক ফের সামনে (TMC Leader Sepai Arrested)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর গলসির লোয়া সন্তোষপুর গ্রামের বাসিন্দা বিজয় বাগদির বাড়িতে গিয়ে তাঁকে হুমকি দেওয়া হয়। অভিযোগ, এলাকায় থাকতে হলে তিন লক্ষ টাকা দিতে হবে বলে চাপ সৃষ্টি করা হয়েছিল। টাকা না দিলে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেওয়া হয়। পরে আতঙ্কে বিজয়বাবু এক লক্ষ টাকা দিতে বাধ্য হন বলে অভিযোগ।
এরপর চলতি বছরের লোকসভা ভোটের ফল প্রকাশের দিন, অর্থাৎ ৪ মে ফের সেপাই ও তাঁর অনুগামীরা বিজয়বাবুর বাড়িতে গিয়ে ভয় দেখায় বলে অভিযোগ। এরপরই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ও তাঁর সহযোগীরা বিভিন্ন বালিখাদান থেকেও ভয় দেখিয়ে নিয়মিত টাকা আদায় করত।

Howrah News: হাওড়ার ‘ডন’ আকাশ সিং কে প্রকাশ্যে ঘোরাল পুলিশ@SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @abhishekaitc @AITCofficial @bengalliberty1 #westbengal #westbengalnews #westbengalpolitics #howrah #howrahnews #akashsingh #berngalliberty pic.twitter.com/g1UmjMKdrg
— Bengal Liberty (@bengalliberty1) May 24, 2026
আদালতে পেশ ধৃত তৃণমূল নেতা (TMC Leader Sepai Arrested)
পুলিশ আদালতে জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে গলসি থানায় মারধর, খুনের চেষ্টা, অস্ত্র আইন এবং বিস্ফোরক আইনে মোট পাঁচটি মামলা রয়েছে।
অন্যদিকে, একই ধরনের অভিযোগে খণ্ডঘোষ থানার পুলিশ আরও তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম দীনেশ দাস, মিলন শেখ এবং জামালউদ্দিন খান ওরফে বাবুল। তাঁদের বাড়ি খণ্ডঘোষ এলাকায়। রবিবার ভোররাতে পাঠানপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

মারধর, অস্ত্র আইন ও বিস্ফোরক আইনে একাধিক মামলা (TMC Leader Sepai Arrested)
পুলিশ সূত্রে খবর, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার সময় খণ্ডঘোষের বাসিন্দা নিরাপদ বসুকে হুমকি দেওয়া হয়েছিল। অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর উপর অত্যাচার চালানো হয়। সম্প্রতি লোকসভা ভোটের ফল প্রকাশের পর গত ১৭ মে বিকেলে বাড়ি ফেরার পথে পিডব্লিউডি অফিসের কাছে তাঁর পথ আটকানো হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। কোনওক্রমে সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচান নিরাপদবাবু। পরে শনিবার তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ধৃত তিনজনকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে বিচারক তাঁদের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। আগামী ২৬ মে ফের তাঁদের আদালতে পেশ করা হবে। দুই ঘটনাতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

