Sandeshkhali
Bengal Liberty, ২৭ মে :
উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ২০১৯ সালের লোকসভা ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার ঘটনায় বড়সড় পদক্ষেপ করল সিবিআই (Sandeshkhali)। বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডল খুনের মামলায় শাহজাহান শেখের ঘনিষ্ঠ বলে পরিচিত কাদের মোল্লা-সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ তদন্তের পর সংগৃহীত তথ্যপ্রমাণ ও সাক্ষ্যর ভিত্তিতেই এই গ্রেফতারি অভিযান চালানো হয়। মঙ্গলবার গভীর রাতে সন্দেশখালির বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। পরে তাদের বসিরহাট আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই (Sandeshkhali)।

ঘটনার বৃত্তান্ত (Sandeshkhali)
অভিযোগ, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষ চরম আকার নেয়। সেই সময় বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে তাঁদের মৃত্যু হয়। নিহতদের পরিবারের অভিযোগ ছিল, শাসকদল ঘনিষ্ঠ দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছিল। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠরা (Sandeshkhali)
পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থা। সেই তদন্তের সূত্র ধরেই এবার শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি তদন্তকারীদের।
এই গ্রেফতারিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির দাবি, দীর্ঘদিন পর হলেও নিহত কর্মীদের পরিবার ন্যায়বিচারের আশা দেখতে শুরু করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। ঘটনাকে ঘিরে বর্তমানে সন্দেশখালিতে উত্তেজনা থাকলেও এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।


