Bengal Liberty : পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এ বার প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর পরিবারের আরও এক সদস্যের দিকে নজর সিবিআইয়ের। দুর্নীতিতে শ্যালককে ব্যবহার করার পাশাপাশি তাঁকে চাকরিও পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুজিতের বিরুদ্ধে। সেই অভিযোগের সূত্র ধরেই এ বার তাঁর শ্যালককে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার সকাল ১১টা নাগাদ তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তাঁর আর্থিক লেনদেন এবং দুর্নীতির মাধ্যমে কী কী সুবিধা পেয়েছেন, তা খতিয়ে দেখতেই এই তলব।
সুজিতের জবাবে সন্তুষ্ট নয় সিবিআই
পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজিত বসুকে গত শনিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকেরা। প্রায় তিন ঘণ্টা ধরে চলে সেই জেরা। তবে তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সুজিতের দেওয়া উত্তরে সন্তুষ্ট নন গোয়েন্দারা। এর পরেই চার দিনের মাথায় তাঁর শ্যালককে তলব করা হয়েছে।সিবিআই সূত্রের দাবি, দুর্নীতির কাজে শ্যালককে ব্যবহার করেছিলেন সুজিত। শুধু তাই নয়, তাঁকে চাকরিও পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আর্থিকভাবে তিনি কী কী সুবিধা পেয়েছেন এবং দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা জানতেই জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।
দক্ষিণ দমদম পুরসভায় দুর্নীতির তদন্ত
পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পাশাপাশি তদন্ত চালাচ্ছে ইডি। বিধানসভা নির্বাচনের পর গত ১১ মে সুজিতকে গ্রেফতার করে ইডি। এই মামলায় সিবিআই আগেই চার্জশিট জমা দিয়েছিল। তবে সেই চার্জশিটে সুজিতের নাম ছিল না। পরে তাঁকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের অনুমতি চায় সিবিআই। অনুমতি পাওয়ার পরেই গত শনিবার প্রেসিডেন্সি জেলে পৌঁছন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, মূলত দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতিতে সুজিতের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সিবিআইয়ের চার্জশিটে তাঁর নাম না থাকলেও ইডির চার্জশিটে নাম রয়েছে সুজিত এবং তাঁর পুত্রের। অভিযোগ, পুরসভার বিভিন্ন পদে বেআইনিভাবে প্রার্থী নিয়োগের সুপারিশ করতেন তাঁরা। দুর্নীতির টাকা বিভিন্ন ব্যবসায়িক সংস্থায় খাটানোর অভিযোগও রয়েছে।


