Hakimpur Border infiltration
Bengal Liberty,৩ জুন ,হাকিমপুর: উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ভিড় ও অনুপ্রবেশের চেষ্টা ঘিরে উত্তেজনা বজায় রয়েছে। আজও সীমান্তে প্রায় ২৫০ জনেরও বেশি বাংলাদেশি এসে জড়ো হন। তবে সীমান্ত সুরক্ষায় কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ ও রাজ্য পুলিশ।

নথিপত্র যাচাইয়ের পর বাংলাদেশে ফেরত (Hakimpur Border infiltration)
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এর আগে যতজন বাংলাদেশি এই হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছিলেন, তাঁদের নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। এরপর বিএসএফ এবং বিজিবি-র মধ্যে একটি ফ্ল্যাগ মিটিংয়ের আয়োজন করা হয়। রাজ্য পুলিশের উপস্থিতিতে নথিপত্র খতিয়ে দেখার পর, বেশ কিছু বাংলাদেশিকে আইনি প্রক্রিয়ায় বিজিবির হাতে তুলে দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

তৈরি হচ্ছে আরও হোল্ডিং সেন্টার (Hakimpur Border infiltration)
বাকি ৪৫০ জন বাংলাদেশি নাগরিককে আপাতত তিনটি অস্থায়ী হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। এর মধ্যে স্বরূপনগরের তেঁতুলিয়া হোল্ডিং সেন্টারে সবচেয়ে বেশি মানুষকে রাখা হয়েছে বলে খবর।
সীমান্তের এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন। জানা গিয়েছে, ভিড় সামাল দিতে এবং সুরক্ষার স্বার্থে প্রয়োজনে হোল্ডিং সেন্টারের সংখ্যা আরও বাড়ানো হবে। পরিস্থিতি খতিয়ে দেখে আগামী দিনে সীমান্ত সংলগ্ন প্রতিটি থানা এলাকাতেই একটি করে নতুন হোল্ডিং সেন্টার খোলার পরিকল্পনাও করছে প্রশাসন।

