Surendranath College scandal
Bengal Liberty : কলকাতার ১৪০ বছরের পুরনো ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজে থাবা বসাল অপরাধচক্র। কলেজের ইউনিয়ন রুম থেকে আগ্নেয়াস্ত্র ও ব্যাগভর্তি টাকা উদ্ধারের পর, এবার বর্ধমান থেকে গ্রেফতার করা হলেন এক তৃণমূল নেতা। ধৃতের নাম পরিতোষ দত্ত। তিনি ওই কলেজেরই ভেন্ডর এবং প্রভাবশালী তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। আজ, বৃহস্পতিবার কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা (ARS) এবং মুচিপাড়া থানা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

কলেজের পাঁচতলায় বিলাসবহুল ‘ম্যাসাজ পার্লার’! (Surendranath College scandal)
বর্ষার আগে সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের তালা ভাঙতেই চক্ষু চড়কগাছ কর্তৃপক্ষের! ঘরের ভেতর থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং উইপোকায় কাটা নোটে ঠাসা দুটি স্যুটকেস। তবে আসল ‘খেল’ দেখা গেল কলেজের পাঁচতলায়। ‘টেরেস ফেসিলিটি’-র নামে সেখানে তৈরি করা হয়েছিল দুটি বিলাসবহুল এসি রুম। অভিযোগ, সেখানে দামি গদি ও বালিশের পাশাপাশি আলমারি থেকে মিলেছে গর্ভনিরোধক ও বেশ কিছু আপত্তিকর তরল। তৃণমূল নেতা দেবাশিসের বিরুদ্ধে অভিযোগ— অশিক্ষক কর্মচারীদের ব্যবহার করে সেখানে রীতিমতো ‘ম্যাসাজ পার্লার’ ও মধুচক্র চালানো হত।

রিপোর্ট তলব করল উচ্চশিক্ষা দফতর (Surendranath College scandal)
ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ কিংবা কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত এই কলেজের এমন হাল দেখে স্তম্ভিত শিক্ষামহল। পরিস্থিতি বেগতিক দেখে এবার কড়া পদক্ষেপ করেছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। কলেজ কর্তৃপক্ষের কাছে পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ এবং বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি, স্টুডেন্ট ইউনিয়নের মাধ্যমে ছাত্রদের কাছ থেকে তোলা টাকা কোন খাতে খরচ করা হয়েছে, চাওয়া হয়েছে তারও হিসাব। ধৃত পরিতোষকে জেরা করে এই চক্রের বাকি পান্ডাদের খোঁজার চেষ্টা করছে পুলিশ।

