Bengal Liberty : দক্ষিণ কলকাতার আলিপুরে পুলিশ ট্রেনিং স্কুলের বারান্দা থেকে উদ্ধার হল এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত দেহ। মৃতের নাম বিপ্লব বর্মন। তিনি কলকাতা পুলিশের কমব্যাট ব্যাটালিয়নের ‘সি’ কোম্পানিতে কর্মরত ছিলেন। সোমবার রাতে একটি বিল্ডিংয়ের তিনতলার করিডর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহের ময়নাতদন্তের পর চিকিৎসকরা পুলিশকে জানান, গলায় ফাঁস লাগিয়েই মৃত্যু হয়েছে তাঁর। প্রাথমিকভাবে পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যার ঘটনা বলে অনুমান পুলিশের। তবে পিটিএসের মতো পুলিশি প্রশিক্ষণকেন্দ্রে পরপর দুই পুলিশকর্মীর আত্মহত্যার ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
তিনতলার করিডর থেকে উদ্ধার দেহ
পুলিশ সূত্রে খবর, প্রথমে বিপ্লব বর্মনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর তাঁর সহকর্মীরা পিটিএসের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। সেই সময় এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিক একটি বিল্ডিংয়ের তিনতলার করিডরের এক প্রান্তে যান। সেখানে একটি হুক থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় বিপ্লবকে ঝুলতে দেখেন তিনি। দ্রুত তাঁকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় আলিপুর থানার পুলিশ। শুরু হয় তদন্ত। মঙ্গলবার তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়। চিকিৎসকদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস লাগার কারণেই মৃত্যু হয়েছে ওই কনস্টেবলের।
দু’মাস আগে আত্মঘাতী হন এক পুলিশ আধিকারিক
ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে এই মৃত্যুর ঘটনায় নতুন করে সামনে এসেছে পিটিএসের নিরাপত্তা ও পুলিশকর্মীদের মানসিক পরিস্থিতির প্রশ্ন। কারণ, মাত্র দু’মাস আগেই এই পুলিশ ট্রেনিং স্কুলের ব্যারাকের ভিতরে আত্মঘাতী হয়েছিলেন এক পুলিশ আধিকারিক। তারপর ফের এক কনস্টেবলের মৃত্যুর ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে পুলিশ মহলে


