Darjeeling
মৃত্যু হল নিকিতা সাহার

মধুচন্দ্রিমায় বার্বিকিউয়ের আগুনে ঝলসে গিয়েছিলেন নববধূ, দু’মাসের লড়াই শেষে মৃত্যু!

উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা নিকিতা সাহা ও সমীর দাস। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল তাঁদের। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মধুচন্দ্রিমায় দার্জিলিংয়ের সিটংয়ে গিয়েছিলেন নবদম্পতি। সেখানে একটি হোমস্টেতে উঠেছিলেন তাঁরা। ১৩ সেপ্টেম্বর হোমস্টের বারান্দায় বসেছিলেন দু’জনে। সামনেই তৈরি হচ্ছিল বার্বিকিউ। আচমকাই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনে ঝলসে যান নিকিতা। হোমস্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বার্বিকিউতে কিছু ঢালার পরেই আগুনের তীব্রতা বেড়ে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে নিকিতার শরীরেও।

স্ত্রীর গায়ে আগুন লাগতে দেখে নিজের পরনের টিশার্ট খুলে তা নেভানোর চেষ্টা করেন সমীর। তাঁর অভিযোগ, দুর্ঘটনার পর হোমস্টে কর্তৃপক্ষ তাঁদের কোনও সাহায্য করেনি। এমনকী হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও কেউ খোঁজ নেননি। নিকিতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ডাকলেও সেটি পৌঁছতে প্রায় ৪০ মিনিট সময় লাগে। প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

দুর্ঘটনার পর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নিকিতা। কয়েকদিন আগে পরিবারের সদস্যরা তাঁকে কলকাতার বাঙুর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর তাঁকে কলকাতার অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই বৃহস্পতিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিকিতা। দীর্ঘ দু’মাসের লড়াই শেষ হল মৃত্যুর কাছে হার মানে। নিকিতার মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার ও পরিচিতরা।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।