Bengal Liberty : স্থলভাগে আছড়ে পড়ার আগেই শক্তি হারাতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘আখভান’। অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে শক্তি কমে বর্তমানে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরের আগে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে আখভান। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, অতিরিক্ত বায়ু শিয়ারের প্রভাবে ঘূর্ণিঝড়টির গঠন ক্রমশ দুর্বল হচ্ছে। উপগ্রহ চিত্রেও দেখা যাচ্ছে, ঘূর্ণিঝড়ের কেন্দ্র গভীর সঞ্চালনশীল মেঘমালার বাইরে বেরিয়ে এসেছে। ফলে কেন্দ্রীভূত হওয়ার পরিবর্তে ছত্রভঙ্গ হয়ে পড়ছে আখভান। উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল বাতাসের প্রভাবেও শক্তি সঞ্চয়ের প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। স্থলভাগে প্রবেশের আগে আরও শক্তি হারাতে পারে এই ঘূর্ণিঝড়।
তবে আখভান দুর্বল হলেও বাংলায় দুর্যোগের আশঙ্কা পুরোপুরি কাটছে না। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং হুগলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলির কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘন ঘন বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। সমতলে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার এবং উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে।
আরও খবর
শুক্রবারও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়ায় বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা।
রবিবারও দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি বজায় থাকবে। সোমবার উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা।
অন্যদিকে, আখভান থেকে বিচ্ছিন্ন মেঘপুঞ্জের প্রভাবে উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শুক্রবার মালদা ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি এবং শনিবার মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার বিকেলের পর আবহাওয়া শুষ্ক হয়ে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা। ফলে বৃষ্টির পর উত্তরবঙ্গে ফিরতে পারে শীতের আমেজ।


