Bengal Liberty : মধ্যরাতে মগরাহাট পশ্চিমের মমতা তৃণমূলের বিধায়ক শামিম আহমেদের বাড়িতে সিআইডি ও ডায়মন্ড হারবার পুলিশের যৌথ অভিযান। বুধবার গভীর রাতে ডায়মন্ড হারবারের হিংচেবেড়িয়ায় বিধায়কের বাড়িতে পৌঁছে যান তদন্তকারী আধিকারিকরা।অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত এই বিধায়কের খোঁজেই এই অভিযান বলে জানা গিয়েছে। দীর্ঘক্ষণ বাড়ির গেটে ধাক্কাধাক্কি করার পাশাপাশি বাড়ির ভিতরে থাকা সদস্যদের উদ্দেশে চিৎকার করে ডাকাডাকি করেন তদন্তকারীরা। যদিও শেষ পর্যন্ত বাড়িতে বিধায়ক শামিম আহমেদের দেখা মেলেনি বলে সূত্রের খবর।
সম্প্রতি ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় নাম জড়ায় মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়কের। ওই ঘটনায় প্রায় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল। টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করে ডায়মন্ড হারবার পুলিশ। সেই তদন্তের সূত্রেই বিধায়কের বাড়িতে এই অভিযান বলে মনে করা হচ্ছে।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছেন শামিম আহমেদ। বিধায়কের দাবি, পরিকল্পিতভাবে তাঁকে ওই ঘটনায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। টাকা উদ্ধারের ঘটনায় তাঁর কোনও যোগ নেই বলেও একাধিকবার দাবি করেছেন তিনি।
আরও খবর
এই পরিস্থিতিতে ডায়মন্ড হারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল বিধায়ক। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের করেছেন তিনি। পাশাপাশি তদন্তের জেরে গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে রক্ষাকবচ চেয়েও কলকাতা হাইকোর্টে পৃথক মামলা করেছেন শামিম আহমেদ।
এরই মধ্যে গভীর রাতে বিধায়কের বাড়িতে সিআইডি ও পুলিশের যৌথ অভিযান ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। কেন রাতের অন্ধকারে বিধায়কের বাড়িতে তদন্তকারী দল পৌঁছল, তাঁদের হাতে কী ধরনের নির্দেশ ছিল এবং বিধায়ককে না পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে—তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
বিশেষ করে, একদিকে বিধায়কের সিবিআই তদন্তের দাবি এবং গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হওয়া, অন্যদিকে তাঁর বাড়িতে তদন্তকারী সংস্থার অভিযান—এই দুই ঘটনাকে ঘিরে পরিস্থিতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
তবে মধ্যরাতের এই অভিযান নিয়ে এখনও পর্যন্ত সিআইডি কিংবা ডায়মন্ড হারবার পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি। বিধায়ক শামিম আহমেদের বাড়িতে ঠিক কী উদ্দেশ্যে তদন্তকারীরা গিয়েছিলেন, তাঁকে কেন খোঁজা হচ্ছিল এবং এই অভিযানের সঙ্গে টাকা উদ্ধারের মামলার সরাসরি কী যোগ রয়েছে, তা নিয়ে সরকারি বক্তব্যের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।


