Bengal Liberty : কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোরে পাম অ্যাভিনিউয়ের একটি বস্তিতে আগুন লাগাকে কেন্দ্র করে ছড়ায় তীব্র আতঙ্ক। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। ১৪টি ইঞ্জিনের দীর্ঘ চেষ্টায় সকাল পৌনে ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে গুদামঘর-সহ আশপাশের বেশ কয়েকটি ঘর পুড়ে গিয়েছে। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
প্রথমে গুদামঘরে আগুন
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বস্তি এলাকার মধ্যে থাকা একটি গুদামঘর থেকেই আগুনের সূত্রপাত। বৃহস্পতিবার ভোরে প্রথমে ওই গুদামঘরে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলিতে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভানোর কাজে সমস্যা তৈরি হয়। আতঙ্কিত বাসিন্দারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গুদামঘরের আশপাশের বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। স্থানীয় সূত্রে খবর, অগ্নিকাণ্ডের সময় সিলিন্ডার বিস্ফোরণের মতো বিকট শব্দও শোনা যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে দমকলকর্মীরা প্রথমেই বস্তির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
দমকল সূত্রে খবর, মোট ১৪টি ইঞ্জিনের চেষ্টায় সকাল পৌনে ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কীভাবে আগুন লাগল এবং ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্তের অপেক্ষা।


