অলৌকিকভাবে প্রাণে বাঁচল ৮ বছরের কন্যা
অলৌকিকভাবে প্রাণে বাঁচল ৮ বছরের কন্যা

চোখ বাঁধা অবস্থায় খাদে পড়ল খুদে! অলৌকিকভাবে প্রাণে বাঁচল ৮ বছরের কন্যা

সংবাদ সংস্থা সূত্রে খবর, তুরস্কের উত্তরাঞ্চলীয় জোনগুলদাক প্রদেশের আলাপলি জেলায় গত মঙ্গলবার বন্ধুদের সঙ্গে কানামাছি খেলছিল আট বছরের এক কন্যাশিশু। তুরস্কে এই খেলাটি ‘ব্লাইন্ড ম্যানস ব্লাফ’ নামে পরিচিত। আর সেই খেলতে গিয়েই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। খেলার সময় রাস্তার পাশে আচমকাই ভারসাম্য হারিয়ে ফেলে সে। এরপর একটি লোহার রেলিংয়ে ধাক্কা খেয়ে দেওয়াল টপকে প্রায় ৮ মিটার অর্থাৎ ২৬ ফুট গভীর খাদে পড়ে যায় শিশুটি।

তবে সৌভাগ্যবশত, ঠিক নিচেই ছিল একটি আঙুরের বাগান। ঘন লতাপাতার উপর পড়ে শিশুটি। ফলে পড়ার গতি অনেকটাই কমে যায়। প্রাণঘাতী দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সে। গোটা ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়ে তার বন্ধুরা। তাদের চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। খবর দেওয়া হয় জরুরি পরিষেবা বিভাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেন উদ্ধারকারীরা। উদ্ধারকারী দলের সূত্রে জানা গিয়েছে, যেখানে শিশুটি পড়েছিল, সেখানে ঘন আঙুরগাছের লতা থাকায় সেগুলির মধ্যে আটকে যায় সে। ফলে আরও বড় বিপদের হাত থেকে রক্ষা পায় শিশুটি।

দুর্ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয় তাকে।

খেলার ছলে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত শিশুটির প্রাণে বেঁচে যাওয়ার ঘটনায় স্বস্তি ফিরেছে সকলের মধ্যে। এদিকে, দুর্ঘটনার সম্পূর্ণ দৃশ্য ধরা পড়েছে এলাকার একটি সিসিটিভি ক্যামেরায়। পরবর্তীতে সেই ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ঘটনাটি নিয়ে চর্চা শুরু হয়েছে।

Bengal Liberty