TMC leader Bankura
Bengal Liberty : সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৯ একর জমি দখল করে নিজস্ব বাগানবাড়ি তৈরির অভিযোগে গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। ধৃতের নাম শঙ্কর চক্রবর্তী। তিনি বাঁকুড়ার ছাতনা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ। বৃহস্পতিবার ওই বাগানবাড়ি থেকে সরকারি সামগ্রী পাচারের সময় স্থানীয় বিজেপি কর্মীরা তাঁকে হাতেনাতে ধরে ছাতনা থানার পুলিশের হাতে তুলে দেয়।
ক্যাম্পাস দখল করে ব্যবসা (TMC leader Bankura)
২০১৪ সালে ছাতনায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস তৈরি হয়। ২০১৯ সালে সেই ক্যাম্পাসটি শুশুনিয়ায় স্থানান্তরিত হয়। এরপরই বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ক্যাম্পাসটি দখল করেন তৎকালীন তৃণমূল কৃষক সেলের জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী। গত ৭ বছর ধরে তিনি সেখানে সরকারি জমিতে নিজস্ব ফলের বাগান, মাছ চাষ এবং হাঁস-মুরগির খামার বানিয়ে ব্যবসা চালাচ্ছিলেন।

পাচারের সময় পাকড়াও (TMC leader Bankura)
বৃহস্পতিবার দুপুরে ওই ক্যাম্পাস থেকে ট্রাকে করে কাঠ ও অন্যান্য সরকারি সামগ্রী পাচারের চেষ্টা করছিলেন শঙ্কর চক্রবর্তী। খবর পেয়ে ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে কর্মীরা সেখানে হানা দিয়ে তাঁকে হাতেনাতে ধরে ফেলে। বিশ্ববিদ্যালয়ের ডিন দিলীপ কুমার মিশ্র জানান, জমি দখলের বিষয়টি তাঁরা আগে প্রশাসনকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে অভিযুক্ত নেতার দাবি, তিনি বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে নিজের কৃষি যন্ত্রপাতি সরিয়ে নিয়ে যাচ্ছিলেন।

