TMC leader
পুলিশের জালে কালীঘাট তৃণমূল বিধায়কের ভাই

তোলাবাজির অভিযোগে গ্রেফতার কালীঘাট তৃণমূল বিধায়কের ভাই, রাজনৈতিক চক্রান্তের দাবি মোশারফের

মোজাফফর হোসেন একসময় যুব তৃণমূলের ব্লক সভাপতির দায়িত্বে ছিলেন। ইটাহার থানার জয়হাটের চেকপোস্ট এলাকায় তাঁর বাড়ি। স্থানীয়দের দাবি, পূর্বতন তৃণমূল সরকারের আমলে দ্রুত প্রভাবশালী হয়ে ওঠেন তিনি। জেলাজুড়েও তাঁর প্রভাব ছিল বলে দাবি স্থানীয়দের। অভিযোগ, সেই প্রভাব খাটিয়েই বিভিন্ন এলাকায় জমি দখলের চেষ্টা করতেন মোজাফফর। পাশাপাশি পঞ্চায়েত সমিতির ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এই নিয়ে আগেই ইটাহার থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তবে সেই সময় কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পুরনো অভিযোগগুলি নিয়ে তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে বেশ কিছু তথ্য হাতে আসে। এরপর শনিবার রাতে মালদহের গাজল ও উত্তর দিনাজপুরের ইটাহারের সীমানা সংলগ্ন এলাকা থেকে মোজাফফরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় ইটাহার থানায়। রাতভর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। পুলিশের দাবি, জেরায় একাধিক অসঙ্গতি সামনে আসে। এরপর রবিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। এদিন ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করার কথা। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানাবে পুলিশ। অন্যদিকে, ভাইয়ের গ্রেফতারির পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে দাবি করেছেন বিধায়ক মোশারফ হোসেন।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।