Sandeshkhali STF raid
Bengal Liberty : সন্দেশখালিতে ফের বড়সড় অভিযান চালাল রাজ্য পুলিশের এসটিএফ। এবার এক প্রভাবশালী তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির মণিপুর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
পুকুরে অস্ত্রের ভাণ্ডার (Sandeshkhali STF raid)
তদন্তকারীরা আজ মণিপুরের দাপুটে তৃণমূল নেতা রবিন দাস ও তাঁর ভাই গোপাল দাসের বাড়িতে হানা দেন। তাঁরা দু’জনেই শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। তল্লাশি চালানোর সময় তাঁদের বাড়ির লাগোয়া পুকুর থেকে প্রচুর গুলি, বোমা ও বন্দুক উদ্ধার হয়। এলাকায় বড়সড় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই অস্ত্র মজুত করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান।

সাঙ্গোপাঙ্গদের গ্রেফতারের দাবি (Sandeshkhali STF raid)
এই দুই ভাইয়ের বিরুদ্ধে এলাকায় জমি দখল, ভেরি লুট এবং বিরোধীদের মারধরের একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় এক মহিলা মালতি দাস অভিযোগ করেন, “ভোটের পর আমাদের মুণ্ডু কেটে ফুটবল খেলার হুমকি দেওয়া হয়েছিল। আজ এসটিএফ আসার পর ওরা ঘরের ভেতর লুকিয়ে ছিল। পরে পিছনের দরজা ভেঙে আধিকারিকরা ভেতরে ঢোকেন”। গ্রামবাসীদের দাবি, রবিন ও গোপালের কঠোর শাস্তি হোক এবং তাঁদের সাঙ্গোপাঙ্গদেরও ধরা হোক।

বিজেপির তীব্র কটাক্ষ (Sandeshkhali STF raid)
পুকুর থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। বিজেপি বিধায়ক সজল ঘোষ কটাক্ষ করে বলেন, “এতদিন জানতাম পুকুর থেকে মাছ ওঠে। তৃণমূলের আমলে এখন গুলি-বোমা-বন্দুকও উঠছে! এরা আসলে পৃথিবীর নবম আশ্চর্য”। অভিযুক্তদের যেন কোনওভাবেই জেলের বাইরে বের হতে না দেওয়া হয়, সেই দাবিও জানান তিনি।

