Shreya Pandey
Bengal Liberty : সবাইকে চমকে দিয়ে নির্ধারিত দিনের ২৪ ঘণ্টা আগেই ইডি দফতরে হাজিরা দিলেন সাধন-কন্যা শ্রেয়া পাণ্ডে। কসবার বিতর্কিত ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে ‘সোনা পাপ্পু’র আর্থিক কেলেঙ্কারি ও বেআইনি জমি দখল মামলায় তাঁকে তলব করা হয়েছিল। মঙ্গলবার হাজিরার কথা থাকলেও, সোমবার সকালেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান মানিকতলার পরাজিত তৃণমূল প্রার্থী।
কেন এই তলব? (Shrreya Pande)
ইডির তদন্তকারীদের দাবি, জাল নথির মাধ্যমে সরকারি ও বেসরকারি জমি দখল করা হয়েছে। এরপর সেই জমিতে বেআইনি নির্মাণও করা হয়েছে। এই আর্থিক লেনদেনের মামলার তদন্তেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ করতে চান আধিকারিকরা।

কী এই সোনা পাপ্পু মামলা? (Shrreya Pande)
দক্ষিণ কলকাতার কুখ্যাত ব্যবসায়ী সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে আগে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। সেই অস্ত্রের উৎস খুঁজতে গিয়েই ইডির হাতে আসে এক বড়সড় দুর্নীতির হদিস। তদন্তে জানা যায়, বেহালার প্রোমোটার জয় কামদারের সংস্থার কাছ থেকেই ওই আগ্নেয়াস্ত্র কেনা হয়েছিল।

কোটি কোটি টাকার লেনদেন (Shrreya Pande)
তদন্তকারীদের দাবি, সোনা পাপ্পু এবং জয়ের মধ্যে অন্তত দেড় কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেন হয়েছে। সোনা পাপ্পুর স্ত্রীর নামে থাকা একটি সংস্থার সঙ্গে জয় কামদারের সংস্থার সরাসরি কোটি টাকার আর্থিক বিনিময় পাওয়া গিয়েছে। এই বিপুল পরিমাণ টাকা ঠিক কী কারণে আদান-প্রদান করা হয়েছিল এবং এর পিছনে কোনও বড় সিন্ডিকেট কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সেই সূত্র ধরেই এবার শ্রেয়া পাণ্ডেকে জেরা করছে ইডি।

