Bangladesh Infiltrators Arrested
Bengal Liberty: ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চালিয়ে ফের সাফল্য পেল পুলিশ। শুক্রবার রাতে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম শরিফুল ইসলাম ও এজারুল শেখ বাবু, তাঁরা ওপার বাংলার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাসিন্দা বলে জানা গেছে।

কীভাবে ধরা পড়ল? (Bangladesh Infiltrators Arrested)
শুক্রবার রাতে গোপন সূত্রে সীমান্ত এলাকায় সন্দেহভাজনদের ঘোরাঘুরির খবর পায় পুলিশ। এরপরই সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান শুরু হয়। ধৃত যুবকদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ভারতে থাকার স্বপক্ষে কোনো বৈধ পাসপোর্ট, ভিসা বা পরিচয়পত্র তারা দেখাতে পারেনি। জেরার মুখে তারা স্বীকার করে যে, সীমান্ত পেরিয়ে অবৈধভাবেই তারা এ দেশে প্রবেশ করেছে।

তদন্তে পুলিশ (Bangladesh Infiltrators Arrested)
ধৃতদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সুতি থানার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। তাদের এ দেশে আসার আসল উদ্দেশ্য কী এবং কোনো চক্রের সাথে তাদের যোগ রয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ রুখতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।


