ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে সোনা পাচারের চেষ্টা। বিএসএফের গুলিতে জখম হলেন এক বাংলাদেশি যুবক। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩ কেজি সোনা। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার টুঙ্গি সীমান্ত এলাকায়। কীভাবে এত বিপুল পরিমাণ সোনা নিয়ে ওই যুবক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বাংলাদেশের দিক থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন ওই যুবক। তাঁর কাছে বিপুল পরিমাণ সোনা ছিল বলে অভিযোগ। সেই সময় সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানদের নজরে পড়েন তিনি। জওয়ানরা তাঁকে থামার জন্য সতর্ক করেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করেন ওই যুবক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁকে লক্ষ্য করে গুলি চালান বিএসএফ জওয়ানরা বলে জানা গিয়েছে। গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
আরও খবর
এর পরেই বিএসএফ জওয়ানরা জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করেন। তাঁর কাছ থেকে প্রায় ৩ কেজি সোনা উদ্ধার হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। বর্তমানে পুলিশি নজরদারিতে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ধৃতের নাম মনির হোসেন। তিনি বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
এদিকে, উদ্ধার হওয়া সোনার উৎস নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশ থেকে এই সোনা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার পিছনে কোনও আন্তর্জাতিক পাচারচক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, সীমান্তের এ পারে তাদের কোনও সহযোগী রয়েছে কি না, তা-ও জানার চেষ্টা চলছে। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে পাচারের রুট এবং চক্রের অন্য সদস্যদের সন্ধান পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।


