অগ্নিপথ প্রকল্পের নিয়মে বদল আনলেও নতুন নিয়োগের ক্ষেত্রে পুরনো ব্যবস্থাই বজায় রাখছে কেন্দ্র। অর্থাৎ, বর্তমানে কর্মরত অগ্নিবীরদের চাকরির মেয়াদ বাড়ানোর সুযোগ তৈরি হলেও ২০২৬ সালের ডিসেম্বরের পর যাঁরা এই প্রকল্পে যোগ দেবেন, তাঁদের চার বছরই সেনাবাহিনীতে কাজ করতে হবে। সম্প্রতি অগ্নিপথ প্রকল্পে পরিবর্তনের ঘোষণা ঘিরে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, প্রতিরক্ষা মন্ত্রকের নতুন নির্দেশিকায় তা অনেকটাই কাটল।
প্রতিরক্ষা আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, এই নতুন ব্যবস্থা বর্তমানে কর্মরত অগ্নিবীরদের মোট নয়টি ব্যাচের ক্ষেত্রে কার্যকর হবে। তাঁদের মধ্যে প্রতিটি ব্যাচের প্রথম ২৫ শতাংশ সদস্য আগের নিয়ম মেনেই চার বছর পূর্ণ হলে নিয়মিত সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ পাবেন। বাকি ৭৫ শতাংশ অগ্নিবীরের জন্য থাকছে অতিরিক্ত দু’বছর কাজের সুযোগ। চার বছরের প্রাথমিক মেয়াদ শেষ হলে তাঁদের দ্বিতীয় দফায় দু’বছরের জন্য নিযুক্ত করা হবে। সেই মেয়াদ পূর্ণ হলে নিয়মিত বাহিনীতে অন্তর্ভুক্তির সুযোগ পাবেন তাঁরাও।
আরও খবর
তবে এই সুযোগ পেতে কয়েকটি শর্ত মানতে হবে। সংশ্লিষ্ট অগ্নিবীরকে শারীরিক সক্ষমতা বজায় রাখার পাশাপাশি শৃঙ্খলাজনিত রেকর্ডও পরিষ্কার রাখতে হবে। দ্বিতীয় পর্যায়ে নিয়মিত বাহিনীতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সংখ্যার ঊর্ধ্বসীমা রাখা হচ্ছে না।
অন্যদিকে, অতিরিক্ত দু’বছর কাজ করার পর কোনও অগ্নিবীর নিয়মিত সেনাবাহিনীতে যোগ দিলে তাঁর সিনিয়রিটি কী হবে, তা-ও স্পষ্ট করেছে কেন্দ্র। নিয়মিত সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর সংশ্লিষ্ট অগ্নিবীররা নিজেদের ব্যাচের যে সদস্যরা চার বছর পূর্ণ করে নিয়মিত হয়েছেন, তাঁদের পরেই স্থান পাবেন। তবে পরবর্তী ব্যাচের সদস্যদের নিচে তাঁদের রাখা হবে না।
উল্লেখ্য, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানই এই পরিবর্তনের কথা ঘোষণা করেছিলেন। তবে কেন্দ্র স্পষ্ট করেছে, এটি অগ্নিপথ প্রকল্পের স্থায়ী কাঠামোগত পরিবর্তন নয়। ভবিষ্যতে সেনাবাহিনীর প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনা করে নতুন নিয়োগের নিয়ম পর্যালোচনা করা হবে।


