Sumit Roy
Bengal Liberty: জমি জালিয়াতি ও গ্রেফতারি পরোয়ানার রেশ কাটতে না কাটতেই এবার সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে নতুন করে মামলার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় তাঁর বিরুদ্ধে এই নতুন এফআইআর দায়ের হয়েছে।

ঘটনার বিবরণ (Sumit Roy)
পুলিশ সূত্রে খবর, জনৈক এক ব্যক্তি অভিযোগ করেছেন যে, চাকরির প্রতিশ্রুতি দিয়ে সুমিত রায় তাঁর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা দেওয়ার পর তাঁকে নিয়োগপত্র ও মেডিকেল পরীক্ষার নথিও দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত চাকরি মেলেনি। এই ঘটনায় সুমিত রায়ের পাশাপাশি মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা এবং আরও এক ব্যক্তির নাম এফআইআর-এ যুক্ত করা হয়েছে।

তদন্ত ও বর্তমান পরিস্থিতি (Sumit Roy)
এর আগে শালবনী থানায় জমি দুর্নীতি মামলায় সুমিত রায়ের নাম উঠে আসে। প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই তাঁর যোগসূত্র পাওয়া যায়।সুমিত রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং দেশত্যাগ আটকাতে সিআইডির তরফে লুক আউট নোটিস জারি করা হয়েছে।সুমিতের খোঁজে ইতিমধ্যে অভিষেকের কালীঘাটের বাসভবন এবং শ্রীরামপুরে তাঁর শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে এখনও পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি।প্রতারণা ছাড়াও সুমিত রায়ের বিরুদ্ধে প্রায় ৩০০ একর খাস জমির চরিত্র বদলে ভুয়ো নথির মাধ্যমে জমি দখলের গুরুতর অভিযোগ রয়েছে।
এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, আইন আইনের পথেই চলবে এবং সুমিত রায়ের ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে দল কোনো মন্তব্য করবে না। বর্তমানে পলাতক সুমিত রায়ের আগাম জামিনের আবেদন বিচারাধীন থাকলেও, নতুন এই মামলার ফলে তাঁর আইনি সংকট আরও ঘনীভূত হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল।


