Weather Alert
Bengal Liberty : বর্ষা এবার যেন নিজের খেয়ালখুশি মতোই চলছে বাংলায় (Weather Alert)। কখনও ঝেঁপে বৃষ্টি, কখনও আবার রোদের দেখা, এই দুইয়ের টানাপোড়েনে রাজ্যের আবহাওয়া ক্রমশ বদলাচ্ছে। তবে টানা বৃষ্টির জেরে অনেকটাই কমেছে গরম ও অস্বস্তি। এদিকে বঙ্গোপসাগর ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে মঙ্গলবারও রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরিস্থিতির কথা মাথায় রেখে বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ ও কমলা সতর্কতা (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গেও বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও মঙ্গলবার বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



