MLA Workshop
Bengal Liberty ;
বিধায়কদের আচরণবিধি এবং কার্যপদ্ধতি শেখাল বিজেপি (MLA Workshop)। বিশ্ব বাংলা কলভেনশন সেন্টারে মঙ্গলবার সন্ধ্যায় উত্তরবঙ্গের বিধায়কদের নিয়ে বিশেষ বৈঠকে বসেছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং প্রাক্তন সভাপতি তথা সুকান্ত মজুমদার ছিলেন। কেন্দ্রীয় সাংগঠনিক পর্যবেক্ষক সুনীল বনসল এবং রাজনৈতিক সহ পর্যবেক্ষক অমিত মালবীয় ছিলেন। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন ) অমিতাভ চক্রবর্তী এবং অন্য সাধারণ সম্পাদকরাও ছিলেন।

ক্ষমতা ও সাংগঠনিক সমন্বয় নিয়ে বিশেষ কর্মশালা MLA Workshop
বিজেপির সিংহভাগ বিধায়কই প্রথমবার বিধায়ক হয়েছেন। ফলে বিধায়ক হিসাবে কাজ করার অভিজ্ঞতা নেই। অনেকই বয়সেও বেশ তরুণ। তাঁদের অভিজ্ঞতাও কম। তাই বিধায়কদের জন্য এই বিশেষ কর্মশালার আয়োজন করা হচ্ছে। বিধায়ক হিসাবে কী কী কর্তব্য, কতখানি এক্তিয়ার, তা বুঝিয়ে দেওয়া এই কর্মশালার অন্যতম লক্ষ্য। দল এবং সরকারের মধ্যে যে সীমারেখার কথা মনে রেখে কাজ করতে হবে, সাংগঠনিক বিষয়ে কতখানি এক্তিয়ার থাকবে, বিধায়কের সঙ্গে সংগঠনের তথা দলীয় কর্মীদের সমন্বয় কী ভাবে মসৃণ থাকবে, সে সব বিষয়ে নিজেদের পরিষদীয় দলকে অবহিত করাও এই কর্মশালার উদ্দেশ্য।
অনভিজ্ঞতার কারণে কোনও বিজেপি বিধায়কের কাজ আশানুরূপ না-হওয়ার পরিস্থিতি যাতে তৈরি না-হয়, দলীয় নীতি তথা শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ যাতে স্বেচ্ছাচারিতা না-করেন, কেউ যাতে কাজের বিষয়ে দিশাহীন হয়ে না-পড়েন, তা নিশ্চিত করতে চাইছেন বিজেপি নেতৃত্ব। সেই লক্ষ্যেই এই বিশেষ কর্মশালা। আগামী কাল দক্ষিণবঙ্গের বিধায়কদের নিয়েও একই কর্মশালার আয়োজন হবে।


