Swapan Dasgupta
Bengal Liberty: বিধানসভায় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্যবাসীর জন্য একাধিক জনকল্যাণমূলক ঘোষণা করেছেন। শিক্ষক ও চুক্তিভিত্তিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে আজ তিনি একগুচ্ছ প্রস্তাব পেশ করেন।

রাজ্যের কলেজ শিক্ষকদের মাসিক বেতন ২,০০০ টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, ‘ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক’ (NSQF)-এর অন্তর্ভুক্ত ভোকেশনাল শিক্ষক এবং কলেজের চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক বেতনও ২,০০০ টাকা করে বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন, যেসব কর্মীর বেতন এই অন্তর্বর্তী বাজেটে বাড়ানো সম্ভব হয়নি, আগামী মার্চ মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় তা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে।

নারী সুরক্ষা ও সামাজিক কল্যাণের লক্ষ্যেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্দেশখালিতে একটি নতুন মহিলা থানা তৈরি করা হবে এবং কালিগঞ্জে মহিলাদের জন্য একটি নতুন ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ছাড়া, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাশাপাশি সুবিধাবঞ্চিতদের জন্য ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নামে একটি নতুন প্রকল্প চালু করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী।
রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে পুজো তথা উৎসবের মরশুমের আগেই নতুন ‘পুলিশ পলিসি’ বা পুলিশ নীতি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেই সঙ্গে রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি ও শিল্প প্রসারে ‘ক্লাউড কিচেন’ ব্যবস্থা চালু করা হবে এবং পুজোর আগেই নারী ও ক্রীড়াবিদদের জন্য নতুন নীতি আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।


