TMC Leader Arrested
Bengal Liberty: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসার মামলায় বড় সাফল্য পেল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গ্রেফতার হলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের বারাবনি ব্লক সভাপতি অসিত সিং, তাঁর ভাই তথা পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিং এবং তৃণমূল নেতা আকবর আলম।
কীভাবে গ্রেফতার হলেন অভিযুক্তরা (TMC Leader Arrested)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে একটি বিশেষ অভিযানে কুলটির ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে অসিত সিং ও বিশ্বজিৎ সিংকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, আকবর আলমকে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে ধৃতদের বারাবনি থানার পরিবর্তে হিরাপুর থানায় রাখা হয়। শুক্রবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের আসানসোল আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ আদালতের কাছে তাঁদের হেফাজতের আবেদন জানিয়েছে।

দীর্ঘদিনের দাবির পর সাফল্য (TMC Leader Arrested)
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বারাবনি এলাকায় ভোট-পরবর্তী হিংসার একাধিক অভিযোগ ওঠে। পুলিশ সূত্রের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন পলাতক ছিলেন এবং তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। স্থানীয় স্তরে তাঁদের গ্রেপ্তারের দাবিও দীর্ঘদিন ধরে উঠছিল। তদন্তকারী আধিকারিকদের মতে, এই গ্রেপ্তারের ফলে মামলার তদন্তে নতুন গতি আসতে পারে। পাশাপাশি, এই মামলার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

রাজনৈতিক শোরগোল (TMC Leader Arrested)
গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই বারাবনির রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ এই গ্রেপ্তারকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ রায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা ধৃতদের আইনজীবীর তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


