Durga Squad
Bengal Liberty:
মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করতে এবং সাইবার অপরাধ মোকাবিলায় নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার (Durga Squad)। ‘দুর্গা স্কোয়াড’ ও বিশেষ সাইবার উইংয়ের সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, কোনও বিপদের সময় ফোন পেলেই সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে পুলিশকে ঘটনাস্থলে পৌঁছতে হবে।

উদ্বোধন ‘দুর্গা স্কোয়াড’-এর
বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সাড়া নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং সাইবার জালিয়াতির মতো ঘটনার ক্ষেত্রে যাতে অভিযোগ পাওয়ার পরপরই ব্যবস্থা নেওয়া যায়, সেই নির্দেশই দেওয়া হয়েছে। সেই অনুযায়ী নবান্ন সভাঘর থেকে রাজ্যের ৫০০ থানায় এই পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এই হেল্প ডেস্ক দিনরাত ২৪ ঘণ্টাই খোলা থাকবে এবং প্রশিক্ষিত মহিলা পুলিশকর্মীরা মোতায়েন থাকবেন। শুধু তাই নয় ‘দুর্গা স্কোয়াড’-এর সদস্যরা বিভিন্ন এলাকায় টহল, অভিযোগ গ্রহণ এবং প্রয়োজনে তাৎক্ষণিক হস্তক্ষেপ করবেন।
পাশাপাশি, নতুন সাইবার উইং অনলাইন প্রতারণা, ডিজিটাল জালিয়াতি, ভুয়ো লিঙ্ক, আর্থিক প্রতারণা এবং সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগের দ্রুত তদন্তে কাজ করবে। মুখ্যমন্ত্রী প্রশাসনের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, সাধারণ মানুষ যাতে বিপদের সময় পুলিশের দ্রুত সহায়তা পান, তা নিশ্চিত করতে হবে। পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছনোর লক্ষ্য পূরণে সমস্ত জেলা পুলিশকে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।


