কলকাতা হাই কোর্ট
Kolkata High Court

মায়ের দ্বিতীয় বিয়ে সন্তানেরসঙ্গে বাবার সম্পর্ক মুছে দিতেপারে না, কন্যাকে ভরণপোষণদেওয়ার নির্দেশ হাই কোর্টের

Bengal Liberty : মা দ্বিতীয়বার বিয়ে করলেও, সন্তানের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না বাবা। সন্তানের ভরণপোষণের দায়িত্ব বাবাকে নিতেই হবে। রায় ঘোষণা করে এমনই জানাল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি অজয়কুমার গুপ্ত জানান, নাবালিকা মেয়ের জন্য বাবাকে মাসে ৩৫০০ টাকা ভরণপোষণ দিতে হবে। একই সঙ্গে আদালত জানায়, মায়ের দায়ের করা গার্হস্থ্য হিংসা মামলায় সন্তানের জন্য আর্থিক সাহায্যের নির্দেশ দেওয়ার মধ্যে কোনও ভুল নেই।

স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ। স্ত্রী ছোট মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে যান। বড় মেয়ে বাবার কাছেই থেকে যায়। পরে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। স্ত্রী পুনরায় আবার বিয়ে করেন। ছোট মেয়ের জন্য আর্থিক সাহায্য চেয়ে প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে মামলা করেন মা। নাবালিকা মেয়ের জন্য বাবাকে প্রতি মাসে সাড়ে ৩ হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেয় বারাসাত আদালত। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন বাবা। তাঁর বক্তব্য, তিনি পেশায় কৃষক। মাসিক আয় মাত্র তিন হাজার টাকা। ফলে তাঁর পক্ষে মাসে সাড়ে তিন হাজার টাকা খোরপোশ দেওয়া অসম্ভব। বাবার যুক্তি, মেয়ে নিজে গার্হস্থ্য হিংসার শিকার নয়। আইনমেনে তার জন্য ভরণপোষণ চাওয়া যায় না।

হাই কোর্টের পর্যবেক্ষণ, গার্হস্থ্য হিংসার মামলায় নির্যাতনের শিকার মহিলার পাশাপাশি তাঁর সন্তানদের ভরণপোষণের কথাও স্পষ্ট ভাবে বলা রয়েছে। সন্তানকে আলাদা করে নির্যাতনের শিকার প্রমাণ করার দরকার নেই। আদালত জানায়, বিবাহবিচ্ছেদ বা মায়ের পুনর্বিবাহের কারণে অতীতের পারিবারিক সম্পর্ক মুছে যায় না। শুধু এর জন্য সন্তানের প্রতি বাবার দায়িত্ব নির্ধারণ করা যায় না। শেষমেশ হাই কোর্ট বাবার আবেদন খারিজ করে দেয়। বহাল রাখা হয় সাড়ে তিন হাজার টাকা ভরণপোষণের নির্দেশ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।