Suvendu Adhikari
Bengal Liberty:
নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বারুইপুর (Suvendu Adhikari)। ঘটনার জেরে গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক অভিযুক্তের। এই আবহেই নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পরিবারের সদস্যদের ভবানী ভবনে আসার অনুরোধ জানিয়ে তাঁদের সব দাবি শোনা হবে বলে আশ্বাস দেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, গত শনিবার বিকেলে ওই নাবালিকাকে চার যুবক তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি। রবিবার সকালে একটি পুকুরপাড় থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

ভবানী ভবনে ডেকে সব দাবি শোনার আশ্বাস Suvendu Adhikari
অভিযোগ, বিক্ষোভ চলাকালীন এক অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সূর্যপুর পুলিশ ক্যাম্পে হামলার অভিযোগও ওঠে। ঘটনায় কয়েকজন পুলিশকর্মীও আহত হন। স্থানীয়দের দাবি, এই ঘটনায় আরও তিন থেকে চারজন জড়িত। তাঁদের মধ্যে একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ।

এই ঘটনার প্রতিবাদে শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনে ট্রেন অবরোধ করেন বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণ রেল চলাচল ব্যাহত হয়। পরে নির্যাতিতার বাবার সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনে কথা হওয়ার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। প্রায় এক ঘণ্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

