Mamata Banerjee
Bengal Liberty : কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি নিয়ে বুধবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিলের ডাক দিয়েছিল কালীঘাট তৃণমূল (Mamata Banerjee)। কিন্তু সেই মিছিল ঘিরেই ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। অভিযোগ, মিছিলের পাশ দিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা তৃণমূলকে উদ্দেশ্য করে ‘চোর’ স্লোগান দিতে শুরু করেন এবং ব্যঙ্গাত্মক ‘মাছ চোর’ গান বাজান। এর জেরেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত হাতাহাতির রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে। অন্যদিকে পুলিশকেই দুষলেন মমতা (Mamata Banerjee)।

‘বিজেপিকে নয়, দায়ী প্রশাসন’ সরব মমতা (Mamata Banerjee)
উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশি ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমি বিজেপিকে দোষ দিচ্ছি না, আমি প্রশাসনকে দায়ী করছি। মিছিলের অনুমতি থাকলেও আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে এবং আমাদের কর্মীদের মারধর করা হয়েছে।” মমতার অভিযোগ, তৃণমূলের আইটি সেলের চেয়ারম্যানকে ঘেরাও ও হেনস্তা করা হয়েছে। তাঁকে উদ্ধার করতেই নিজে ঘটনাস্থলে যেতে হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি নিয়ে কড়া আক্রমণ শানিয়ে তাঁর মন্তব্য, “উত্তরপ্রদেশের চেয়েও খারাপ অবস্থা বাংলার। বিজেপি ও তাদের ‘দলদাস’ প্রশাসন মিলে আমাদের ওপর অত্যাচার চালাচ্ছে।”

‘নজরবন্দি আমি নিজেও’, বিস্ফোরক অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)
বারুইপুর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের ঘটনা তুলে ধরে মমতা দাবি করেন, গত ২ মাসে ১৪ জনেরও বেশি নারী নির্যাতনের শিকার হয়েছেন। একইসঙ্গে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন, “এখনকার পুলিশ ইনচার্জরা বিজেপির মণ্ডলের সভাপতি আর এসপি-রা যেন বিজেপির জেলা সভাপতি। আমি নিজেও এখন নজরবন্দি, আমার ওপর অনৈতিকভাবে নজরদারি চালানো হচ্ছে।” হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও মিছিলে বাধা ও হামলার অভিযোগ তুলে আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তৃণমূলের দাবি, এই ঘটনা শুধু রাজনৈতিক সংঘর্ষ নয়, বরং রাজ্যে বিরোধী কণ্ঠরোধ এবং বাক স্বাধীনতা খর্ব করার এক উদ্বেগজনক দৃষ্টান্ত।

আরও পড়ুন :
TMC Rally: বারুইপুর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের মিছিল! চোর স্লোগান ও পাল্টা বিক্ষোভে উত্তপ্ত হাজরা

